সীমান্তে আটক বাবাসহ তিন ছেলেকে ফেরত দিল বিএসএফ

জেলা প্রতিনিধি,, হাসিনুজ্জামান মিন্টু: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) আটক বাবা ও তিন ছেলেকে ফেরত এনেছে ঠাকুরগাঁও ৫০ বিজিবি ব্যাটালিয়ন।

মঙ্গলবার (৫ আগস্ট) সন্ধ্যায় বিজিবি ও বিএসএফের মধ্যে অনুষ্ঠিত এক পতাকা বৈঠকের মাধ্যমে তাদের দেশে ফিরিয়ে আনা হয়

ফেরত আনা চারজন হলেন, বালিয়াডাঙ্গী উপজেলার বড় পলাশবাড়ী ইউনিয়নের কাশুয়া বাদাম বাড়ি গ্রামের বাসিন্দা নজরুল ইসলাম (৫২) এবং তার তিন ছেলে সাদ্দাম হোসেন, মোহাম্মদ মিস্টার ও মোহাম্মদ আলফাস।

স্থানীয়রা জানায়, কাজের সন্ধানে নজরুল ইসলাম তার তিন ছেলেকে নিয়ে ভারতে যাচ্ছিলেন। সোমবার রাত দেড়টার দিকে তারা ভারত-বাংলাদেশ সীমান্তের ৩৭৩/১-এস নম্বর পিলারের কাছ দিয়ে বালিয়াডাঙ্গীর নাগরভিটা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করেন। এ সময় ভারতের বামন বাড়ি ক্যাম্পের বিএসএফের একটি টহল দল তাদের আটক করে। এ ঘটনার পর বিএসএফের পক্ষ থেকে বিজিবির-৫০ ব্যাটালিয়নের সঙ্গে যোগাযোগ করা হয়। পরে দুই বাহিনীর মধ্যে পতাকা বৈঠকের পর তাদের ফেরত আনা হয়।

বিজিবি জানিয়েছে, ফেরত পাঠানো ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি তাদের ভারতে প্রবেশের পেছনে জড়িত দালাল চক্রের সন্ধানও চালানো হবে।

ঠাকুরগাঁও-৫০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজির আহমেদ বলেন, বিএসএফ এবং বিজিবির মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের বাংলাদেশে ফিরিয়ে আনা হয়। তারা সবাই বাংলাদেশি নাগরিক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *