নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহার উপজেলায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী নারীদের মাঝে শাড়ি ও নগদ অর্থ বিতরণ করেছেন বিএনপির সাধারণ সম্পাদক ও কুসুমহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মিজানুর রহমান মোল্লা। শনিবার বিকেলে উপজেলার কার্তিকপুর সার্বজনীন মন্দিরে তাঁর নিজস্ব অর্থায়নে এসব শাড়ি ও নগদ অর্থ বিতরণ করা হয়।
এ সময় মিজানুর রহমান মোল্লা সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানান। তিনি বলেন, ধর্ম যার যার, উৎসব সবার। সাম্প্রদায়িক সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে সব ধর্মের মানুষের পাশে থাকতে চান তিনি।
তিনি বলেন, সমাজে পারস্পরিক সম্প্রীতি ও সহাবস্থান বজায় রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। সব ধর্মের মানুষের অংশগ্রহণে উৎসবমুখর ও সম্প্রীতিপূর্ণ সমাজ গড়ে তোলাই তাঁর প্রত্যাশা।
এ ছাড়া কার্তিকপুর সার্বজনীন মন্দিরের উন্নয়নেও সহযোগিতার আশ্বাস দেন মিজানুর রহমান মোল্লা। এ সময় তিনি মন্দিরের উন্নয়নকাজে আর্থিক সহযোগিতার ঘোষণা দেন।
এ সময় উপস্থিত ছিলেন দোহার উপজেলা মহিলা দল নেত্রী মিনু আক্তার, কুসুমহাটি ইউনিয়ন ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য কমল মজুমদার, কার্তিকপুর সার্বজনীন মন্দিরের সভাপতি বিদ্যুৎ মজুমদার, সাধারণ সম্পাদক রাজেশ সাম, ব্যবসায়ী বাসু কর্মকার সহ আরও অনেকে।
