এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বাসাইল ইউনিয়নে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে ৫ শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়েছে। শনিবার (২০ জুন) আয়োজিত এ ক্যাম্পের উদ্যোগ নেয় রোটারি ক্লাব অব আনন্দধারা ঢাকা। ক্যাম্পে বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসক রোগীদের স্বাস্থ্য পরীক্ষা, পরামর্শ প্রদান এবং প্রয়োজনীয় ওষুধ বিতরণ করেন।
অনুষ্ঠানে ইভেন্ট চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন আরটিএন. ডা. কামরুল ইসলাম তিতু এবং ইভেন্ট কো-চেয়ারম্যান ছিলেন আরটিএন. ডা. কুতুবুজ্জামান।
চিকিৎসা সেবা প্রদান করেন ডা. মোহাম্মদ শামীম আল মামুন (এন্ডোক্রাইনোলজি ও মেডিসিন বিশেষজ্ঞ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল), ডা. মো. নাজমুল হক (শিশু বিশেষজ্ঞ), ডা. সঞ্চারী কুন্ডু (চক্ষু বিভাগ, বারডেম জেনারেল হাসপাতাল), এবং ডা. তাসনিম রুবাইয়াত নীহা (গাইনি ও আল্ট্রাসনোগ্রাফি বিশেষজ্ঞ)।
দিনব্যাপী আয়োজিত এ ক্যাম্পে নারী, পুরুষ ও শিশুদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। আয়োজকরা জানান, গ্রামীণ ও প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশা প্রকাশ করেন।
উল্লেখ্য, এ মেডিকেল ক্যাম্প বাস্তবায়নে বিভিন্ন সামাজিক ও সেবামূলক সংগঠন সহযোগিতা প্রদান করে। স্থানীয়রা এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়ে নিয়মিত আয়োজনের দাবি জানান।
