নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকা মোহাম্মদপুর ও ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় প্যাথেডিন ও হেরোইনসহ তিন ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতারকৃতরা হলেন মো. সেলিম ফকির (৪৫), মো. নীরব (৩২) ও দুলাল মিয়া (৫০)। বুধবার রাতে র্যাব এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সিপিসি-৩, র্যাব-১০ এর কোম্পানি কমান্ডার মেজর মো. আনিসুজ্জামান এর নেতৃত্বে বুধবার দুপুরে রাজধানীর মোহাম্মদপুরের রায়ের বাজারে অভিযান চালিয়ে সাড়ে ৪ গ্রাম হেরোইনসহ সেলিম ও নীরবকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও মঙ্গলবার রাতে সিপিসি-২, র্যাব-১০ এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার এএসপি মো. আবুল কালাম আজাদের নেতৃত্বে দক্ষিন কেরানীগঞ্জের পশ্চিম আগানগরে অভিযান পরিচালনা করে ৫৯টি প্যাথেডিন ও নগদ ৫ হাজার ৪৬০ টাকাসহ দুলালকে গ্রেপ্তার করে। গ্রেফতার সকল আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
