নিজস্ব প্রতিবেদক : ঢাকার কেরানীগঞ্জে অভিযান চালিয়ে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আল্লাহর দলের তিন সদস্যকে আটক করেছে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট। বুধবার (১৮ ডিসেম্বর) রাতে দক্ষিণ কেরানীগঞ্জের বেগুনবাড়ি এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- মো. আমিনুল ইসলাম ওরফে সেতু, আব্দুল্লাহ আল হাসনাত ওরফে কল্লোল ও মো. ফজলে করিম ওরফে সোহাগ।
পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের ইন্টেলিজেন্স শাখার পুলিশ সুপার এস এম হাসানুল জাহীদ জানান, আটককৃতরা খুলনা থেকে ঢাকায় এসে জনসাধারণের মধ্যে ধর্মীয় উগ্রবাদ মতাদর্শ প্রচার ও আতঙ্ক সৃষ্টির মাধ্যমে বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়নের প্রস্তুতি নিচ্ছিল।
তিনি আরও জানান, এ সময় তাদের কাছ থেকে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার বিভিন্ন ধরনের দলিল, উগ্রপন্থি কাগজপত্র, বই ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
