কেরানীগঞ্জ (ঢাকা)প্রতিনিধি: বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন,অনির্বাচিত সরকার বেশিদিন ক্ষমতায় থাকতে পারে না। নির্বাচিত সরকারই একটি দেশ বা রাষ্ট্র সঠিকভাবে চালাতে পারে। নির্বাচনের জন্য আমরা ১৭ বছর যাবত অপেক্ষা করছি। নির্বাচন নিয়ে জনগণের মধ্যে এখন আশঙ্কা দেখা দিয়েছে। একটি রাজনৈতিক দল নির্বাচন নিয়ে মাতামাতি করছে। মনে হয় তারাই ক্ষমতায় যাবে। দেশের প্রকৃত মালিক জনগণ। তাই নির্বাচনের মাধ্যমে জনগণের মালিকানা জনগণের হাতে ফিরিয়ে দিতে হবে। মুক্তিযুদ্ধের চেতনায় একটি ন্যায় ভিত্তিক সমাজ ও রাষ্ট্র গঠনের জন্য আমাদের আন্দোলন চলছে এবং চলবে। তিনি আজ বিকেলে কেরানীগঞ্জের আগানগর আমবাগিচা মাঠে কেরানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। তিনি আরো বলেন যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করেছে তারা চিরদিন আমাদের মাথার মুকুট হয়ে থাকবে। বৈষম্য বিরোধী ছাত্র-জনতার বিপ্লবের আগেই আমরা ফ্যাসিস্ট হাসিনা সরকারের বিরুদ্ধে বিপ্লব শুরু করেছিলাম।আমরা দীর্ঘ ১৬ বছর গণতন্ত্রের জন্য আন্দোলন করেছি। কোটাবিরোধী আন্দোলনে আমাদের প্রত্যক্ষ ও পরোক্ষ সহযোগিতা ছিল। তিনি আরো বলেন,বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়কদের সংখ্যা দিনে দিনে বাড়ছে। ৫ আগস্টের পরে অনেকে নতুন করে সমন্বয়কের সার্টিফিকেট নেওয়ার জন্য ভিড় করছে। নকল বিপ্লবের কাছে যেন মূল বিপ্লবের চেতনা নস্যাৎ হয়ে না যায় সেই জন্য সবাইকে সতর্ক থাকতে হবে। মুক্তিযুদ্ধের পর আওয়ামী লীগ তাদের স্বজনদের মুক্তিযোদ্ধার ভুয়া সনদ দিয়ে মুক্তিযোদ্ধাদের বিতর্কিত করা হয়েছে। গয়েশ্বর বলেন,হাসিনা পালিয়ে গেলেও তার অপকর্ম এখনো চলছে। দেশে দুর্নীতি বন্ধ হয়নি। প্রশাসনে এখনো দুর্নীতি বন্ধ হয়নি দুর্নীতি বন্ধ করতে হলে অন্তর্বর্তী কালীন সরকারকে চোখ কান খোলা রাখতে হবে। কেরানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের প্রিন্সিপাল খন্ধকার এটিএম বজলুর রশিদের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব নাজিম উদ্দিন, ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট নিপুন রায় চৌধুরী, দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক মুজাদ্দেদ আলী বাবু, বিএনপি নেতা আরশাদ রহমান সফু,আসাদ খান, ইমান উল্লাহ মাস্তান, আবু তাহের, শহিদুল ইসলাম,, সাঈদ সোনা মিয়া, হাজী বাহার প্রমূখ।
