নিজস্ব প্রতিবেদক: করোনার উপসর্গে মৃত প্রমীলা ভেরনীকা গমেজ (৮৮) নামে এক নারীর ঢাকার নবাবগঞ্জে সমাধি দেয়া হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার নয়নশ্রী ইউনিয়নের গোল্লা গির্জায় তার সৎকার করা হয়। মৃত প্রমীলা ভেরনীকা গমেজ উপজেলার যন্ত্রাইল ইউনিয়নের বালির ডিয়র গ্রামের গুরগুলির বাড়ির সিমফম গমেজের স্ত্রী। সে গাজীপুর পাগার এলাকায় থাকতেন বলে জানা গেছে। গত শনিবার রাতে সেখানেই তাঁর মৃত্যু হয়। মঙ্গলবার সকালে ঐ নারীর মৃত্যুর বিষয় নিশ্চিত করেন নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. শহিদুল ইসলাম।
সূত্র জানায়, প্রমিলা ১০/১২ দিন ধরে সর্দিকাশি ও শ্বাস কষ্টে ভুগছিলেন। তিনি হাসপাতালে ভর্তি না হয়ে বাড়িতেই চিকিৎসা নিচ্ছিলেন। ১৩ জুন রাতে তার মৃত্যু হয়। মঙ্গলবার সকালে স্বাস্থ্যবিধি মেনে উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান যুব ঐক্য পরিষদের সৎকার দলের সদস্যরা ধর্মীয় রীতি অনুযায়ী গোল্লা গির্জায় মরদেহ সমাধিস্ত করেন।
মৃতের পরিবারের বরাত দিয়ে সৎকার দলের সভাপতি অনুপম দত্ত নিপু জানান, মৃত ব্যাক্তির নমুনা সংগ্রহ করে মহাখালী হাসপাতালে পাঠানো হয়েছে। ফলাফল এখনো হাতে পাওয়া যায়নি।
