কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি : আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক খাদ্যমন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম বলেছেন, বিএনপি আবার অনির্বাচিত সরকার কে ক্ষমতায় আনতে চায়।১/১১ সরকার আনতে চায়। তারা গণতন্ত্রকে ধ্বংস করতে চায়। কোন অবস্থাতেই অনির্বাচিত সরকার বা তত্ত্বাবধায়ক সরকার কে আনতে দেওয়া হবে না। এদেশে সংবিধান অনুযায়ী আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। যারা সন্ত্রাস করে যারা নির্বাচনকে বানচাল করতে চায় তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে । নির্বাচনী মাঠ এখন আমাদের দখলে আছে। কোন অপশক্তিকে আর রাজনীতিতে প্রভাব বিস্তার করতে দেয়া হবে না। তিনি আজ সকালে কেরানীগঞ্জের কালিন্দী ইউনিয়নে নির্বাচনী গনসংযোগ কালে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের সভাপতি ইউসুফ আলী চৌধুরী সেলিম, সাধারণ সম্পাদক আলতাব হোসেন বিপ্লব,সাংগঠনিক সম্পাদক নাজমুল জাহান রিপন, কালিন্দী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল হাসান মস্তান, সাধারণ সম্পাদক আলহাজ্ব এহসান উদ্দিন আহমেদ, সিনিয়র সহ-সভাপতি হাজী মোঃ আনোয়ার হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ অনিক হোসেন পিন্টু ও প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ জুবায়ের হোসেন মাসুম প্রমূখ। কালিন্দী পারজোয়ার উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে এই গণসংযোগ কর্মসূচি শুরু করে বরিসুর বাজার হয়ে নেকরোজবাগে গিয়ে শেষ হয়।
