কেরানীগঞ্জ(ঢাকা) প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে একটি অবৈধ সিসা কারখানাকে সিলগালা ও কারখানার মালিকে ২০হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ বৃহস্পতিবার(৬অক্টোবর) দুপুর ১২টায় কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ মোঃ আলাউল ইসলামের নেতৃত্বে শাক্তা ইউনিয়নের আব্দুস সালাম সড়কে সাগর ব্যাটারি হাউজ নামে একটি সিসা ও ব্যাটারি কারখানায় এই অভিযান চালানো হয়। কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ মোঃ আলাউল ইসলাম বলেন,কারখানাটির বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেনি কারখানার মালিক পক্ষ। আবাসিক এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা এই কারখানাটির প্রভাবে মারাত্মকভাবে পরিবেশ দূষণ হচ্ছে।
এতে আশেপাশের মানুষ, গবাদি পশু, গাছপালা ও ফসলি জমির উপর বিরূপ প্রভাব পড়ছে। অভিযোগ পেয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করে কারখানাটিকে সিলগালা করে দেওয়া হয়েছে এবং কারখানার মালিক কে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
