দোহারে চার মাসেও সন্ধান মেলেনি নিখোঁজ দুই বন্ধুর

কাজী জোবায়ের আহমেদ : ঢাকার দোহার উপজেলায় বাড়ি থেকে এক সঙ্গে বের হওয়ার পর চার মাস ধরে নিখোঁজ রয়েছেন দুই বন্ধু। তাদের সন্ধান পেতে দারেদারে ঘুরছেন দুই পরিবার।

নিখোঁজ হওয়া দুই বন্ধুর পারিবারিক সূত্রে জানা যায়, গত ২০ এপ্রিল বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হন উপজেলার ঘাটা এলাকার বাবুল মৃধা ও রাজিয়া বেগমের ছেলে সাইদুল মৃধা (২৬) এবং সাইদুলের প্রতিবেশীর বন্ধু মৃত শেখ আলীর ছেলে শেখ সোহেল (২৬)।
এদিকে ছেলে ‘নিখোঁজ’ জানিয়ে গত ২৩ এপ্রিল সাইদুলের মা রাজিয়া বেগম দোহার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

রাজিয়া বেগম কান্নাজরিত কন্ঠে জানান, ২০ এপ্রিল বেলা ১১টার দিকে প্রতিবেশী সোহেল তাদের বাড়ি গিয়ে তার ছেলেকে (সাইদুল) জানান কাজীরচর এলাকার সাজ্জাদ মোল্লা নামে এক ব্যক্তি তাদের দেখা করতে বলেছেন। এরপর সোহেলের সঙ্গে সাইদুল বাড়ি থেকে বের হয়ে যান।
‘পরে সেদিন সন্ধ্যা ৭টার দিকে আমার ছেলে ফোনে আমাকে জানায় সে মাওয়া আছে। আজ রাতে ফিরবে না; কাল সকালে বাসায় ফিরবে। পরের দিন সকালে আমি ছেলের সাথে যোগাযোগ করার জন্য একাধিকবার তার মোবাইলে ফোন দিলে তা বন্ধ পাওয়া যায়।’ পরে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান না পেয়ে দোহার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তিনি। এসময় ছেলের সঙ্গে তার বন্ধু প্রতিবেশী সোহেলও নিখোঁজ রয়েছেন বলে তিনি জানান।

নিখোঁজ সোহেলের মা রেনুয়ারা বেগম জানান, এই বিষয়ে আমি কিছুই জানতাম না, আমি বাড়িতে না থাকায় সোহেলের সাথে আমার কোনো কথা হয়নি। তিনি বলেন, আমার ছেলেকে আমি ফেরৎ চাই। পাশাপাশি তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। এসময় নিখোঁজ সাইদুল ও সোহেলের সন্ধান দাবি করেন স্থানীয়রা।

এদিকে ঘটনার বিষয়ে জানতে সাজ্জাদ মোল্লার বাড়িতে গেলে তাদের পরিবারের কাউকেই পাওয়া যায়নি।

এই বিষয়ে দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোস্তফা কামাল জানান, ‘থানায় জিডির পর পুলিশ তদন্ত শুরু হয়েছে। আমরা তথ্য প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে তাদের লাস্ট অবস্থান মুন্সীগঞ্জের মাওয়া পেয়েছি। তারপর তাদের মোবাইল বন্ধ পাওয়ায় আর তাদের অবস্থান শনাক্ত করা যায়নি।’ ইতোমধ্যে তাদের সন্ধানে বিভিন্ন থানায় ও হাসপাতালে বার্তা পাঠানো হয়েছে এবং পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *