নিজস্ব প্রতিবেদক : বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষণবিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেনসহ দলটির তিন নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার দুপুর ১২টার দিকে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় যোগদান শেষে বের হওয়ার পথে তাদের গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার হওয়া অপর দুজন হলেন- অ্যাডভোকেট আলম ও অ্যাডভোকেট তৌহিদ।
হাইকোর্টের সামনে গাড়ি ভাঙচুর মামলায় এই তিন বিএনপি নেতাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন রমনা জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার এসএম শামীম।
এর আগে বৃহস্পতিবার একই মামলায় সকাল ১০টার দিকে হাইকোর্টের মূল ফটকের সামনে থেকে বিএনপির যুগ্ম-মহাসচিব ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংসদের (ডাকসু) সাবেক জিএস খায়রুল কবির খোকনকে গ্রেপ্তার করে পুলিশ।
এর কয়েক ঘণ্টা পরই একই মামলায় একই জায়গা থেকে গ্রেপ্তার হন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম।
কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে গত মঙ্গলবার হাইকোর্টের মূল ফটকের সামনে বিএনপি নেতাকর্মীদের অবস্থান কর্মসূচির একপর্যায়ে পুলিশের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়া হয়। এ সময় কয়েকটি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে।
এ ঘটনায় সরকারি কাজে বাধা দেওয়া, অগ্নিসংযোগ, গাড়ি ভাঙচুর ও নাশকতার অভিযোগ এনে ওই দিনই শাহবাগ থানায় একটি মামলা করে পুলিশ। মামলার এজাহারে ১৫-২০ জনের নাম উল্লেখ করে মোট ৫০০ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে আসামি করা হয়।
মামলা দায়েরের পর ওই রাতেই জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাতকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করে পুলিশ।
এ মামলায় হাইকোর্ট থেকে আট সপ্তাহের আগাম জামিন নিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও গয়েশ্বর চন্দ্র রায় এবং আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।
