শ্রীনগরে জমিজমা নিয়ে প্রতিপক্ষের হামলায় বাড়িঘর ভাঙচুর, মালামাল লুটসহ আহত-২

এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি : মুন্সীগঞ্জের শ্রীনগরে জমিজমা নিয়ে মামলা মোকদ্দমার জের ধরে বাড়ীঘরে হামলা চালিয়ে ভাংচুরসহ মালামাল লুট করে নিয়ে দুই নারীকে পিটিয়ে আহত করা হয়েছে। মঙ্গলবার ভোর ৫টার দিকে উপজেলার ষোলঘর ইউনিয়নের পাকিড়াপাড়া এলাকায় এ হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় রাহেলা বেগম বাদী হয়ে নাজির উদ্দিন বেপারীকে প্রধান আসামী করে ৮ জনের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, জমিজমা নিয়ে মামলা মোকদ্দমার জেরে একই এলাকার নাজির উদ্দিন বেপারী, কবির হোসেন বেপারী,রাফি বেপারী,শামীম শেখ,ইউসুফ শেখ,মুন্নি আক্তার,আব্দুল শেখ ও নিশা বেগমসহ আরো অজ্ঞাতনামা ৮-৯ জন বে-আইনীভাবে হাতে দেশীয় অস্ত্র নিয়ে মঙ্গলবার ভোরে ভুক্তভোগী বিধবা রাহেলা বেগমের বসতঘরের দরজা ভেঙ্গে অতর্কিত হামলা চালায়। এতে বসত ঘরের থাকা সুকেস,আলমারী,বিদ্যুতের মিটার,কাঠের পাটাতন,ল্যাপটপ,বাথরুম,রান্নাঘর ভাংচুর করে ব্যাপক ক্ষতি করে। এসময় বিধবা রাহেলা বেগমসহ তার মেয়ে মীম বাধা নিষেধ করলে তাদের এলোপাথারী পিটিয়ে আহত করে। এক পর্যায়ে ঘরে থাকা আসবাবপত্রসহ নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে প্রাণ নাশের হুমকি দিয়ে চ়লে যায়।

এ ব্যাপারে অভিযুক্ত কবির হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন, এই ঘরবাড়ী আমাদের। আমরা রাহেলা বেগমকে থাকতে দিয়েছি। ঘরে শুধু তাদের অল্প কিছু মালামাল ছিল। রাহেলা বেগম আমাদের বিরুদ্ধে একাধিক মামলা দিয়েছ তাই তাকে ঐ বাড়িতে থাকতে নিষেধ করেছি।

শ্রীনগর থানার এসআই আব্দুর রাজ্জাক বলেন, জরুরী ডিউটি করাকালীন সময় মৌখিক সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে বাদীর পরিবার ছাড়া কাউকে দেখতে পাইনি। তবে বাড়ীঘর ভাংচুর দেখতে পেয়েছি। এব্যাপারে লিখিত অভিযোগে ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *