এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী(মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের শ্রীনগরে মাদকদ্রব্য ব্যবসা নির্মূল করতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী। এসময় মাদক মামলার আসামি সোহেল, সাদন দাস ও তাদের সহযোগীদের গ্রেফতারের দাবীতে বিক্ষোভ মিছিল করেন তারা।
সোমবার বিকেল ৫ টার দিকের উপজেলার ষোলঘর ইউনিয়নের কালীবাড়ী লঞ্চঘাটে এলাকাবাসীর আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচিতে দুই শতাধিক নারী পুরুষ উপস্থিত ছিলেন।
সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে উপজেলার ঘোলঘর ইউনিয়নের সমসাবাদ,জজবাড়ী ও পুরোহিতপাড়া এলাকায় মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের দৌড়াত্বে অতিষ্ঠ এলাকাবাসী। এসব মাদক প্রকাশ্যে বেচাকিনি হচ্ছে। যার ফলে এলাকায় চুরি, ছিনতাই, ডাকাতিসহ বিভিন্ন অপরাধ মূলক কর্মকাণ্ড বেড়ে গেছে।
এ নিয়ে মাদক বিক্রি ও মাদক সেবনকারীদের বিরুদ্ধে বিভিন্ন সভা-সেমিনার করে আসছে স্থানীয়রা। এতে মাদক বিক্রি সেবনকারীরা আরো বেপরোয়া হয়ে উঠেছে বলে অভিযোগ স্থানীয়দের। এলাকাবাসীর অভিযোগ, মাদক ব্যবসায়ীদের ধরে পুলিশে দিলেও অদৃশ্য শক্তিতে মাদক ব্যবসায়ীরা কিছুদিন পরেই মুক্তি পেয়ে যায়।
মানববন্ধনে বক্তারা বলেন, মাদকের কারণে যুব সমাজ ধ্বংসের পথে যাচ্ছে। মাদক ব্যবসায়ীদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানান তারা।
বক্তারা আরও বলেন, প্রশাসনের পাশাপাশি সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। অন্যথায় ভবিষ্যৎ প্রজন্ম চরম হুমকির মুখে পড়বে।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা এলাকায় মাদক নির্মূলে নিয়মিত অভিযান পরিচালনার জন্য আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান।
এসময় বক্তব্য রাখেন, স্থানীয় ইউপি সদস্য মজিবুর রহমান, সাবেক ইউপি সদস্য নুরুল হক, ষোলঘর ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি নাসির উদ্দিন, বিএনপি নেতা আমিন রুবেল, ব্যবসায়ী আঃ আউয়াল,১নং ওয়ার্ডের সভাপতি সোবহান শেখ, সাঃ সম্পাদক আলমগীর শিকদার, শফিকুল ইসলাম,ওয়াহাব ঢালী, কাশেম মৃধা,দ্বীন ইসলাম কুটাইসহ অন্যান্যরা।
