শীঘ্রই মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ সৃষ্টি হবে

বিশেষ প্রতিনিধি, ঢাকা. মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী পাঠানোর পথ দ্রুত সুগম হবে বলে আশা প্রকাশ করেছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেছেন, সৌদি আরবের পর বাংলাদেশি কর্মীদের দ্বিতীয় বৃহত্তম শ্রমবাজার মালয়েশিয়া। দেশটির শ্রমবাজার আবার উন্মুক্ত করতে সরকার কাজ করছে। এ ছাড়া আগামী অর্থবছরে প্রায় ১৪ লাখ কর্মী বিদেশে পাঠানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
গতকাল সোমবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে সরকারদলীয় সংসদ সদস্য খোন্দকার আবু আশফাকের প্রশ্নের লিখিত জবাবে বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী এ কথা বলেন। মন্ত্রীর অনুপস্থিতিতে প্রশ্নের উত্তর দেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর।
লিখিত প্রশ্নের জবাবে বিদেশে নামমাত্র কোম্পানি খুলে ভুয়া চাহিদাপত্রের মাধ্যমে বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার প্রবণতা বৃদ্ধি, রাশিয়ায় কাজের প্রলোভন দেখিয়ে যুদ্ধে পাঠানোর অভিযোগ, প্রবাসীদের জামানতবিহীন ঋণের সীমা বাড়ানো, প্রবাসী শ্রমিকদের সুরক্ষা, ক্ষতিপূরণসহ নানা বিষয় উঠে এসেছে।
সরকারদলীয় সদস্য খোন্দকার আবু আশফাকের প্রশ্নের লিখিত জবাবে প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, এ বছরের ৮-১১ এপ্রিল প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ও মন্ত্রী দেশটি সফর করেছেন। আশা করা যায়, দ্রুত দেশটিতে বাংলাদেশি কর্মী প্রেরণের পথ সুগম হবে। তিনি জানান, চলতি অর্থবছরের ১ জুলাই ২০২৫ থেকে ৩১ মে ২০২৬ পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে ৯ লাখ ৩৩ হাজার ৮১৫ জন বাংলাদেশির কর্মসংস্থান হয়েছে। আগামী অর্থবছরে প্রায় ১৪ লাখ কর্মী বিদেশে পাঠানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
মন্ত্রী আরও বলেন, মালয়েশিয়া, ওমান, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের মতো বন্ধ বা সংকুচিত শ্রমবাজারে কর্মী পাঠানোর জন্য সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে কূটনৈতিক আলোচনা অব্যাহত রয়েছে। বর্তমানে সৌদি আরব, কুয়েত, কাতার, রোমানিয়া, সেশেলস, পর্তুগালসহ বিভিন্ন দেশে বাংলাদেশি কর্মী পাঠানো হচ্ছে, ১৮টি দেশের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *