ঢাকা বিভাগের মধ্যে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করেছে দোহার উপজেলা প্রশাসন। ২০২৬ সালের মে মাসের মূল্যায়নে ঢাকা বিভাগের সেরা ১০ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)-এর তালিকায় দোহার উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. মাঈদুল ইসলাম ৪র্থ স্থান অর্জন করেছেন।
জানা গেছে, জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম তদারকি করে থাকে সরকারের Office of the Registrar General, Birth & Death Registration, যা স্থানীয় সরকার বিভাগের অধীনে পরিচালিত হয়।
দোহার উপজেলা প্রশাসনের ধারাবাহিক তদারকি, জনসচেতনতা বৃদ্ধি এবং দ্রুত সেবা প্রদান নিশ্চিত করার ফলে এই অর্জন সম্ভব হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। উপজেলার নাগরিকদের মধ্যে জন্ম ও মৃত্যু নিবন্ধনের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং অনলাইন সেবার সহজলভ্যতাও এই সাফল্যে বড় ভূমিকা রেখেছে।
দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাঈদুল ইসলাম দায়িত্ব পালনের মাধ্যমে প্রশাসনিক দক্ষতা ও জনসেবায় ইতিবাচক পরিবর্তন এনেছেন।
এ বিষয়ে দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাঈদুল ইসলাম জানান, দোহার পৌরসভা ভিত্তিক এলাকাগুলোতে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম বাধ্যতামূলক করা হয়েছে। যা পূর্বে খুবই শোচনীয় অবস্থায় ছিলো। মূলত এটিই আমাদের অগ্রগতির মাধ্যম। ভবিষ্যতেও এই কার্যক্রমকে আরও গতিশীল ও জনবান্ধব করে গড়ে তুলতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হবে। এ ধরনের সাফল্য দোহার উপজেলার সার্বিক প্রশাসনিক কার্যক্রমকে আরও এগিয়ে নিতে অনুপ্রেরণা জোগাবে বলেও তিনি আশা প্রকাশ করেছেন।
