গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি, জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে অনন্য ও সৃজনশীল নেতৃত্বের স্বীকৃতি হিসেবে ঢাকা বিভাগের ১২৩ উপজেলাকে টপকিয়ে প্রথম স্থান অর্জন করেছেন রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাথী দাস।
একই মূল্যায়নে দ্বিতীয় স্থান অর্জন করেছেন বালিয়াকান্দি উপজেলার ইউএনও চৌধুরী মুস্তাফিজুর রহমান ও তৃতীয় স্থান রাজবাড়ী সদর ইউএনও নিরুপমা রায়।
২০২৬ সালের মে মাসের পারফরম্যান্স মূল্যায়নের ভিত্তিতে নাগরিক সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার ক্ষেত্রে এ শ্রেষ্ঠত্ব ঘোষণা করা হয়। মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ইউএনও সাথী দাস।
জানা গেছে, নির্ভুল ও দ্রুত জন্ম-মৃত্যু নিবন্ধন নিশ্চিতকরণে দক্ষ ব্যবস্থাপনার মাধ্যমে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলা প্রথম, বালিয়াকন্দি দ্বিতীয় ও রাজবাড়ী সদর উপজেলা তৃতীয় স্থান অর্জন করেছে ঢাকা বিভাগের মধ্যে।
ইউএনও সাথী দাস বলেন, আমি গোয়ালন্দ উপজেলার জনপ্রতিনিধি, ইউপি সচিব, গ্রাম পুলিশ, পরিবার পরিকল্পনা, কর্মকর্তাদের সম্মিলিত প্রচেষ্টায় এ সফলতা এসেছে। গোয়ালন্দবাসীকেও আমার অভিনন্দন।’
তিনি আরও বলেন, এই স্বীকৃতি আমাদের দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে।
