নিউজ ডেস্ক: রবীন্দ্রসংগীত শিল্পী মিতা হকের চল্লিশার পুরো টাকা গণস্বাস্থ্যের নগর হাসপাতালের ডায়ালাইসিস সেন্টারে দান করেছেন তার একমাত্র সন্তান সংগীত শিল্পী জয়িতা।
রোববার (২৩ মে) দুপুরে গণস্বাস্থ্য নগর হাসপাতালে তিনি তার মায়ের চল্লিশা উপলক্ষে খরচের পুরো টাকা গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর হাতে তুলে দেন।
ডা. জাফরুল্লাহ চৌধুরী এসময় বলেন, একুশে পদকপ্রাপ্ত প্রখ্যাত রবীন্দ্রসংগীত শিল্পী মিতা হকের একমাত্র সন্তান জয়িতা তার মায়ের চল্লিশার খরচের পুরো টাকা ডায়ালাইসিস সেন্টারে অসহায় ডায়ালাইসিস রোগীদের সেবায় দান করেছেন।
তিনি বলেন, খ্যতিমান সংগীত শিল্পী মিতা হকের একমাত্র সন্তান জয়িতা তাঁর মায়ের চল্লিশার খরচের পুরো টাকা অনুদানের মাধ্যমে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে তার কর্তব্য পালন করেছেন। আমি গণস্বাস্থ্য ডায়ালাইসিস সেন্টারের পক্ষ থেকে তার এবং তার পরিবারের প্রতি কৃতজ্ঞতা জানাই। পাশাপাশি দেশের ধনাঢ্য ব্যক্তিদের মানবতার সেবায় এগিয়ে আসতে আহ্বান জানাই। গণস্বাস্থ্য কেন্দ্রের সব দান আয়কর মুক্ত।
চলতি বছরে ১১ এপ্রিল একুশে ও বাংলা একাডেমি পদকপ্রাপ্ত রবীন্দ্রসংগীত শিল্পী ৫৯ বছর বয়সে রাজধানীর একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন।
