এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী(মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, “ছোটবেলায় এক টাকা দুই টাকার জন্য আমরা যেভাবে মায়ের পিছে বন বন করে ঘুরতাম, ঠিক সেভাবে আপনাকে জনগণের পিছনে বন বন করে ঘুরতে হবে, এছাড়া কোনো উপায় নাই। আমাদেরকে যদি এই নির্বাচনের পুলসিরাত পার হতে হয় তাহলে যেভাবেই হোক জনগণের পিছনে আমাদের থাকতে হবে। জনগণের সাথে আমাদের থাকতে হবে।”
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিকালে রাষ্ট্র কাঠামো মেরামতের লক্ষ্যে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে মুন্সীগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে দিনব্যাপী কর্মশালায় তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি এ সব কথা বলেন।
কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক কমিটির আয়োজনে মুন্সীগঞ্জের মুক্তারপুরে আয়োজিত এই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে আরও বলেন, “দেশের ভেতরে ও বাইরে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র কিন্তু থেমে নেই। কারণ, এই দেশের অর্থ সম্পদ, প্রাকৃতিক সম্পদের দিকে তারা লোলুপ দৃষ্টিতে তাকিয়ে থাকে। এই দেশে যদি একটা বিশৃঙ্খলা লাগিয়ে রাখা যায় তাহলে দেশের ভেতরে বাইরে অনেকের জন্য ভালো হয়। যদি দেশে একটি দুর্বল জনসমর্থনহীন সরকার রাখা যায় যারা জনগণকে প্রতিনিধিত্ব করে না, তাহলে এই দেশ থেকে অনেকে অনেক কিছু লুটেপুটে নিয়ে যেতে পারবে। কিন্তু, জনসমর্থিত সরকার যদি থাকে তাহলে জনগণের স্বার্থ নিরাপদ থাকবে। তখন যারা শকুনের দৃষ্টিতে দেশের অর্থসম্পদের দিকে তাকিয়ে আছে তারা দশবার চিন্তা করবে।”
কেন্দ্রীয় বিএনপির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ও মুন্সীগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান রতন এর সভাপতিত্বে বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, বিএনপি যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, বিএনপির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ টিটু, বিএনপির মিডিয়া সেলের সদস্য মাহমুদা হাবিবা, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য আ ক ম মোজাম্মেল হক, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য রহিমা শিকদার ও মুন্সীগঞ্জ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মহিউদ্দিন আহমেদ প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য (দপ্তরে সংযুক্ত) মো. আবদুস সাত্তার পাটোয়ারী।
