নিজস্ব প্রতিবেদক : ঢাকার নবাবগঞ্জ উপজেলায় ৬ষ্ঠ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভা করেছেন ঢাকা জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম। শনিবার (১৫ জানুয়ারি) বিকেলে নবাবগঞ্জের আব্দুল ওয়াছেক মিলনায়তনে আচরণবিধি প্রতিপালন সংক্রান্ত বিষয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত।
প্রধান অতিথি জেলা প্রশাসক বলেন, নির্বাচনের মাঠ সবার জন্য সমান থাকবে। ভোটের দিন ফাইনাল খেলা খেলবে এজেন্টরা। সুতরাং প্রতিটি ভোট কেন্দ্রে অভিজ্ঞ এজেন্ট নিয়োগ দিতে হবে। উৎসব মুখর পরিবেশ সৃষ্টি করতে হলে আচরণবিধি মেনে চলতে হবে। ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ নির্বাচন কমিশনের যে আচরণ বিধিমালা রয়েছে তা আপনারা পালন করবেন। তা হলেই আর কোনো অভিযোগ থাকবে না।
তিনি বলেন আরও বলেন, ভোটের মাঠে তিন স্তরের নিরাপত্তা বাহিনী থাকবে পাশাপাশি জ্যুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ও নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকবেন।
ঢাকা জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মুনীর হোসাইন খান বলেন, নির্বাচনকে কোনো ভাবেই প্রভাবিত করা যাবে না। বিধিমালার বাইরে কোনো কাজ করলে প্রার্থীতা বাতিল হয়ে যাবে। মাঠে জেল জরিমানার বিধানও রয়েছে। মিটিং মিছিল সমাবেশ করা যাবে না। কোনো ধর্মীয় প্রতিষ্ঠানে প্রচারণা করা যাবে না। শুধু পথ সভা ও ঘরোয় সভা ছাড়া অন্য কিছু করা যাবে না।
আরও বক্তব্য রাখেন ঢাকা জেলা পুলিশ সুপার মারুফ হোসেন সরদার, নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচএম সালাউদ্দিন মনজু, নবাবগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. সাইদুর রহমান।
এসময় আরও উপস্থিত ছিলেন, নবাবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অরুণ কৃষ্ণ পাল, দোহার উপজেলা সহকারী কমিশনার ভূমি মো, ফজলে রাব্বি, নবাবগঞ্জ থানা অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম শেখ, দোহার থানা অফিসার ইনচার্জ মোস্তফা কামালসহ ঢাকা জেলা পুলিশের কর্মকর্তাগণ।
এ সভার আয়োজন করেন উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিস। আগামী ৩১ জানুয়ারী দুই উপজেলার ১৯টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।
