দোহার-নবাবগঞ্জে প্রবাসীদের সমস্যা সমাধানে কমপ্লেন বক্স খোলা হবে: খন্দকার আবু আশফাক

বিএনপি ক্ষমতায় এলে দোহার নবাবগঞ্জ উপজেলার প্রবাসীদের জন্য কমপ্লেন বক্স খোলা হবে বলে মন্তব্য করেছেন ঢাকা ১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক। শনিবার (২৯ নভেম্বর) বিকেলে ঢাকার দোহার উপজেলার নারিশা ইউনিয়নের দক্ষিণ শিমুলিয়া এলাকায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও নির্বাচনী উঠান বৈঠকে তিনি এ মন্তব্য করেন।

খন্দকার আবু আশফাক বলেন, দোহার নবাবগঞ্জ উপজেলায় অনেক সুন্দর সুন্দর বাড়িঘর ও মসজিদ দেখতে পাওয়া যায়। যা বেশিরভাগই প্রবাসী ভাইদের কষ্টার্জিত টাকায় নির্মিত। কিন্তু এই প্রবাসী ভাইদের পরিবারের লোকজন অনেক সময় অনেক অপ্রীতিকর ঘটনার শিকার হয়। দেখা যায়, প্রবাসে থাকার কারণে তার বাড়ি খালি থাকে। এই সুযোগে পাশের বাড়ির লোকজন বাড়ির জায়গা দখল করার পায়তারা করে। এছাড়াও চাঁদাবাজির মতো ঘটনারও খবর পাওয়া যায়। তাই বিএনপি ক্ষমতায় এলে দোহার নবাবগঞ্জ উপজেলার প্রবাসীদের জন্য কমপ্লেন বক্স খোলা হবে ইনশা আল্লাহ। তাদের সকল সমস্যার কথা কমপ্লেন বক্সের মাধ্যমে জানাবে। আমরা তা প্রশাসনের সাথে সমন্বয় করে তাদের সমস্যা সমাধান করবো।

এ সময় বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় সবাইকে নফল নামাজ পড়ার আহ্বান জানিয়ে আশফাক বলেন, খালেদা জিয়া আপোষহীন দেশনেত্রী হিসেবে দেশের মানুষের জন্য কাজ করেছেন। তাঁর সুস্থতা কামনা আজ শুধু বিএনপি নয়, সাধারণ মানুষেরও প্রত্যাশা। এজন্য আমি সবাইকে খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া ও নফল নামাজ আদায় করার আহ্বান জানাচ্ছি।

অনুষ্ঠানে দোহার উপজেলা যুবদল নেতা কামাল মোড়লের তত্বাবধানে, নারিশা ইউনিয়ন বিএনপির সভাপতি নূর মোহাম্মদ মোড়লের সঞ্চালনায় ও ঢাকা জেলা মহিলা দলের সভাপতি শামিমা রাহিম শীলার সঞ্চালনায় কেন্দ্রীয় জাসদের সহ-সভাপতি সালাউদ্দিন মোল্লা, দোহার উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম মেছের, সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, সাংগঠনিক সম্পাদক সেন্টু ভুইয়া, ঢাকা জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আবুল হাসেম বেপারীসহ বিভিন্ন স্তরের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *