দোহার অবৈধ কারখানা ঘিরে সংঘর্ষ: গুলিতে প্রবাসীসহ আহত ৬, থানায় অভিযোগ

ঢাকার দোহার উপজেলার সুতারপাড়া ইউনিয়নের মুন্সিকান্দা এলাকায় অবৈধ কারখানা স্থাপনকে কেন্দ্র করে সংঘর্ষ ও গুলির ঘটনা ঘটেছে। এতে ফ্রান্স প্রবাসী তাইবুর রহমান (৪৫) সহ অন্তত ৬ জন আহত হয়েছেন। গত শুক্রবার (১৯ জুন) দুপুরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় দোহার থানায় একটি অভিযোগ করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ঘারমোড়া গ্রামের  সুলতানুজ্জামান কামরাঙ্গীরচর এলাকা থেকে সহযোগী এনে মুন্সিকান্দা গ্রামের পাশে একটি জমিতে অবৈধভাবে কারখানা স্থাপন করেন। সেখানে পুরাতন সিলভার, চোরাই বৈদ্যুতিক তার ও প্লাস্টিক গলিয়ে পণ্য তৈরি করা হচ্ছিল বলে অভিযোগ রয়েছে। এতে এলাকায় বিষাক্ত ধোঁয়া ও গ্যাস ছড়িয়ে স্থানীয়দের স্বাস্থ্যঝুঁকি তৈরি হয়।
পরবর্তীতে শুক্রবার দুপুরে স্থানীয়রা কারখানাটি বন্ধের দাবিতে সেখানে জড়ো হন। এ সময় ফ্রান্স প্রবাসী তাইবুর রহমান ঘটনাস্থলে গেলে অভিযুক্ত সুলতানুজ্জামান তাকে ব্যবসায় অংশীদার হওয়ার প্রস্তাব দেন। তিনি প্রস্তাবে রাজি না হলে সময়ক্ষেপণের চেষ্টা করা হয় এবং পরে আরও লোকজনকে খবর দেওয়া হয়।
একপর্যায়ে দুপুর আনুমানিক ২টার দিকে ২০টির বেশি মোটরসাইকেলে করে ৪০-৪২ জন লোক ঘটনাস্থলে এসে হামলা চালায় বলে অভিযোগ। এ সময় আগ্নেয়াস্ত্র দিয়ে এলোপাতাড়ি গুলি ছোড়া হয়। এতে তাইবুর রহমানের বাম হাতে গুলি লাগে। পরে তাকে মারধরও করা হয়।
এ ঘটনায় আরও আহত হন ফরিদ (৩০), নিশাত (৩৬), বর্ষণ (১৪), রায়হান (২৫) ও অপু মুন্সি (৩৯)। আহতদের মধ্যে ফরিদের হাত ভেঙে গেলে তাকে ঢাকায় পাঠানো হয়েছে। অন্যরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার পর দোহার থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং আহতদের চিকিৎসার ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেয়।  এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *