নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহার উপজেলায় এক প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দল ১৫ ভরি স্বর্ণালংকার ও নগদ ১ লাখ ৬০ হাজার টাকা লুট করে নিয়ে যায়। মঙ্গলবার দিবাগত রাত ২ টা ২০ মিনিটে উপজেলার পূর্ব বানাঘাটা এলাকায় কাতার প্রবাসী বাবুলের বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে।
প্রবাসী বাবুলের স্ত্রী ফুয়ারা আক্তারের জানান, জানালার গ্রিল কেটে প্রথমে একজন ঘরের ভিতরে ঢুকে ঘরের মূল দরজা ভিতর থেকে খুলে দিলে ডাকাত দলের আরো ৫ সদস্য ঘরে প্রবেশ করে তাকে ও তার ছেলেকে অস্ত্রের ভয় দেখিয়ে জিম্মি করে। পরে ঘরে থাকা ১৫ ভরি স্বর্ণালংকার ও নগদ ১ লাখ ৬০ হাজার টাকা ডাকাত দল লুট করে নিয়ে যায়। ডাকাতদের হাতে সাপল, চাইনিজ কুড়াল ও চাকুসহ বিভিন্ন দেশীয় অস্ত্র ছিল। এদের মধ্যে তিনজনের মুখ খোলা এবং দু’জনের মুখ গামছা দিয়ে ঢাকা ছিল। এ সময় বাড়ির বাইরে ডাকাত দলের আরও কয়েকজন সহযোগী অবস্থান করছিল বলে তিনি জানান। খবর পেয়ে দোহার থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ফুয়ারা আক্তারের স্বামী বাবুল হোসেন দীর্ঘদিন ধরে প্রবাসে রয়েছেন। ডাকাতির ঘটনায় বানাঘাটা এলাকায় আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে।
স্থানীয়রা এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে তাদের গ্রেপ্তার এবং লুট হওয়া মালামাল উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর পদক্ষেপ দাবি জানিয়েছেন।
দোহার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবু বকর সিদ্দিক জানান, জড়িতদের শনাক্ত ও লুন্ঠিত মালামাল উদ্ধারে পুলিশের অভিযান চলছে।
