এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী(মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে দ্রুতগতির প্রাইভেট কার উল্টে ৩ জন নিহত হয়েছেন। এ ছাড়া আরও ১ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ৬টার দিকে এক্সপ্রেসওয়ে ষোলঘর যাত্রীছাউনি এলাকায়
এ দুর্ঘটনা ঘটে। শ্রীনগর হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
মুন্সিগঞ্জের মাওয়া এলাকা থেকে একটি প্রাইভেটকার ঢাকার দিকে যাচ্ছিল। পথে শ্রীনগর উপজেলার ষোলঘর এলাকায় প্রাইভেট কারের চাকা পাংচার হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজনের সঙ্গে ধাক্কা লাগলে ঘটনাস্থলেই দুজন নিহত হন। দুজনকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে জরুরি বিভাগের চিকিৎসকরা আরও একজনকে মৃত ঘোষণা করেন।
আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে আরও একজনকে। আহত ব্যক্তির অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসকরা।
তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম পরিচয় জানা যায়নি বলে তিনি জানান।
হাসারা পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল কাদের জিলানী বলেন, প্রাইভেট কারটি মাওয়া থেকে ঢাকার দিকে যাচ্ছিল। প্রাইভেট কারের চাকা পাংচার হয়ে যাওয়ার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজনের সঙ্গে ধাক্কা লেগে দুর্ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত প্রাইভেটকারটি সড়ক থেকে সরিয়ে নিয়েছি এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে
