মো. রকিবুল হাসান বিশ্বাস, সিংগাইর (মানিকগঞ্জ) থেকে : মানিকগঞ্জের সিংগাইর পৌর বাজারে একটি ফার্মেসির ভেতরে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ ওঠেছে এক পল্লী চিকিৎসকের বিরুদ্ধে। এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি বাজার কমিটিকে না জানিয়ে অথবা আইনগতভাবে নিষ্পত্তি না করে চাঁদা দেয়ার শর্তে তাৎক্ষণিকভাবে ধামাচাপা দেয়া হয়েছে বলেও অভিযোগ ওঠেছে।
রোববার (২৩ আগস্ট) ঘটনাটি প্রকাশ পেলে বাজার ব্যবসায়ী ও স্থানীয়দের মধ্যে নানা গুঞ্জন ও তোলপাড় শুরু হয়েছে। অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে শাস্তির দাবীও জোরালো হচ্ছে।
বাজার ব্যবসায়ী ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৫ আগস্ট সন্ধ্যার আগে পৌর বাজারের রাজলক্ষ্মী ফার্মেসির ভেতরে ওই ঘটনা ঘটে । ফার্মেসির মালিক ও পল্লী চিকিৎসক সনজিৎ কুমার সাহাকে (৭০) বহিরাগত এক নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখতে পেয়ে আশপাশের লোকজন তাকে হাতেনাতে ধরে ফেলেন বলে স্থানীয়দের দাবি। পরে কতিপয় উপস্থিত লোকজনের সহায়তায় ওই নারীকে ঘটনাস্থল থেকে ভাগিয়ে দেয়া হয়।
অভিযুক্ত সনজিৎ কুমার সাহা পৌর এলাকার ৮ নং ওয়ার্ডের মধ্য সিংগাইর মহল্লার বাসিন্দা এবং দুই সন্তানের জনক।
ঘটনাটি কয়েকদিন গোপন থাকার পর বাজার ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে বিষয়টি নিয়ে কানাঘুষা শুরু হয়। গতকাল রোববার ঘটনাটি প্রকাশ্যে এলে স্থানীয়দের মধ্যে আলোচনা-সমালোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয় ।
স্থানীয় সূত্রগুলোর অভিযোগ,ঘটনার পর বিষয়টি বাজার কমিটিকে না জানিয়ে তাৎক্ষনিকভাবে উপস্থিত লোকজনের পক্ষ থেকে ধামাচাপা দেয়ার চেষ্টা ঠিক হয়নি।দুর্গাপূজার জন্য চাঁদা দেওয়ার শর্তে অভিযুক্তকে ছেড়ে দেয়া হয়েছে বলেও অভিযোগ রয়েছে। এতে বাজার ব্যবসায়ী ও স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।
ওই বাজারের ওষুধ ব্যবসায়ী জামাল মেডিসিন কর্নার ও ডক্টরস চেম্বারের স্বত্ত্বাধিকারী মো. জামাল হোসেন বলেন, পৌর বাজারে একটি ফার্মেসির ভেতরে এমন অসামাজিক আচরণের ঘটনা ন্যক্কারজনক।বিষয়টি সুষ্ঠুভাবে তদন্ত করে সত্যতা যাচাই এবং অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে বাজার কমিটির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা উচিত। একই সঙ্গে কোনো ঘটনা স্থানীয়ভাবে ধামাচাপা না দিয়ে আইনানুগ প্রক্রিয়া অনুসরণের দাবিও জানান অনেকেই।
রাজলক্ষ্মী ফার্মেসির মালিক অভিযুক্ত পল্লী চিকিৎসক সনজিৎ কুমার সাহা অভিযোগের কথা স্বীকার করে বলেন,দুর্গাপূজার জন্য চাঁদা দেয়ার শর্তে স্থানীয় কিছু লোক ঘটনাটি সুরাহা করে তাকে ছেড়ে দিয়েছেন। খবরটি পত্রিকায় প্রকাশ না করার জন্যও তিনি অনুরোধ করেন।
এ ব্যাপারে সিংগাইর বাজার বণিক সমিতির সভাপতি আতাউল হক মাস্টার বলেন,ঘটনাটি খুবই দুঃখজনক ও লজ্জার। আমরা কমিটির লোকজন ডেকে বসে সিদ্ধান্ত নিয়ে উনার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব।
