নিজস্ব প্রতিবেদক : আমাদের সন্তানরা শিক্ষিত হলে, যেমন তারা ভালো মানুষ হবে। ঠিক তেমনি শিক্ষার মান বাড়াতে পাড়লে বিশ্বের বুকে বাংলাদেশের মান বাড়বে বলে মন্তব্য করেছেন ঢাকা জেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান খন্দকার আবু আশফাক। বৃহস্পতিবার দুপুরে ঢাকার নবাবগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ তোফাজ্জল হোসেন চৌধুরী কলেজের একাদশ শ্রেনীর শিক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আশফাক বলেন, দীর্ঘ বছর পর আমার সন্তান সমতুল্য শিক্ষার্থীদের সাথে সময় কাটাতে পারছি। আমি দোয়া করি কলেজ জীবনে এই বিদায়ই যেনো তোমাদের শেষ বিদায় হয়। যাতে করে তোমরা সবাই কৃতকার্য হয়ে বিশ্ববিদ্যালয়ের পড়ার সুযোগ পাও।
সাবেক এই চেয়ারম্যান বলেন, এই কলেজটি নবাবগঞ্জ উপজেলার একটি অন্যতম কলেজ। এই কলেজের পড়াশুনার মান ও অবকাঠামোর উন্নত হলে এই এলাকার উন্নয়ন হবে। তাই সমাজে যারা বিত্তমান আছেন তাদের অনুরোধ করবো আপনারা সবাই এই কলেজের পাশে দাড়ান।
অনুষ্ঠানের প্রধান আলোচক ছিলেন, অত্র কলেজের সভাপতি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাড. রফিক সিকদার। এসময় তিনি বলেন, আজ যারা বিদায় নিচ্ছো তোমাদের মধ্যে অনেকেই জুলাই আন্দোলনে অংশ নিয়েছিলে। এটা যেমন দেশ গড়ার আন্দোলন ছিলো, ঠিক তেমনি সামনের তোমাদের পরিক্ষা, এটা তোমাদের জীবন গড়ার আন্দোলন তাই অবশ্যই মনোযোগ দিয়ে পড়াশুনা করবে।
অনুষ্ঠানের অত্র কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আমজাদ হোসেনের সভাপতিত্বে ও সেলিম মিয়া, মিজানুর রহমানের সঞ্চালনায় নবাবগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম খন্দকার, কলেজের বিদ্যোৎসাহী সদস্য হেদায়েত হোসেন চৌধুরী, হিতৈষী সদস্য মোহাম্মদ নজরুল ইসলাম সহ বিএনপির অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতা কর্মী ও কলেজের শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
