বিনা ভোটে নির্বাচিত চেয়াম্যানদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি. বিনা ভোটে নির্বাচিত সকল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে মঙ্গলবার বেলা ১১টা ৩০ মিনিটে নবাবগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারের “আমরা সাধারন ভোটার” ব্যানারে মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। পরে শহীদ নবাবগঞ্জ কেন্দ্রীয় মিনার থেকে মানববন্ধনে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ মিছিল করে উপজেলা পরিষদ প্রাঙ্গণে যায়।

এসময় পথসভায় বক্তাগণ বলেন, বিগত শেখ হাসিনা সরকারে আমলে বিনা ভোটে যারা নির্বাচিত নবাবগঞ্জের সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের নানা অনিয়ম, দূর্নীতির বিচার করতে হবে। সাবেক এমপি সালমান এফ রহমানের প্রভাব খাটিয়ে প্রশাসনকে ম্যানেজ করে তাঁরা বিনা ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়েছে। আজকের মানববন্ধন ও পথসভা থেকে আমরা বিনা ভোটে নির্বাচিত চেয়ারম্যানদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি। আমরা সাধারণ ভোটার এর ব্যানারে এসময় মানববন্ধনে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম খন্দকার, বিএনপি নেতা আব্দুস সালাম, সাবেক ইউপি চেয়ারম্যান হিল্লাল মিয়া, হাবিবুর রহমান, যুবদল নেতা পবন মাহমুদসহ মহিলা দল, ছাত্র দলের নেতৃবৃন্দ।
একই দিন নবাবগঞ্জ উপজেলার যন্ত্রাইল ইউনিয়ন পরিষদের সকল ইউপি সদস্যরা এবং চূড়াইন ইউনিয়ন পরিষদের সকল সদস্যরা ঐ ইউনিয়নের চেয়ারম্যনের বিরুদ্ধে অনাস্থাপত্র এনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও বরাবর লিখিত আবেদন জমা দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *