সংবিধান সংশোধন করতে হলে তা সংসদেই করতে হবে : আমীর খসরু

আব্দুল রাহিম:  সংবিধান সংশোধন করতে হলে তা সংসদেই করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

শনিবার (২ আগস্ট) দুপুরে রাজধানীর নীলক্ষেতের আইসিএমএবি মিলনায়তনে বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল মান্নানের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আমির খসরু বলেন, সংসদের বাইরে সংবিধান সংশোধনের কোনো সুযোগ নেই। সংবিধান সংশোধনের ব্যাপারগুলো এখনো আলোচনা হচ্ছে। সংবিধানের যদি কোনো সংশোধন করতে হয় তাহলে সেটা সংসদের মধ্যে থেকে করতে হবে। সেটার জন্য ম্যান্ডেট জনগণের থেকে নিতে হবে প্রত্যেকটি দলকে। সেটি হতে হবে সংসদের মধ্যে।

তিনি বলেন, স্বচ্ছতা এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে যদি কোনো পরিবর্তন আনতে হয়, সংসদের বাইরে সেটা করার কোনো সুযোগ নেই। যারা নির্বাচন বাধাগ্রস্ত করতে চাচ্ছে, তারা গণতন্ত্রে বিশ্বাস করে না উল্লেখ করে বিএনপি নেতা বলেন, যারা বাংলাদেশের আগামীর গণতান্ত্রিক প্রক্রিয়া বাধাগ্রস্ত করতে চাচ্ছে, নির্বাচন বাধাগ্রস্ত করতে চাচ্ছে, তারা গণতন্ত্রে বিশ্বাস করে না। তারা সংসদীয় পদ্ধতিতেও বিশ্বাস করে না। তারা কোন পদ্ধতিতে যাবে নিজেরাও জানে না।

আমীর খসরু আরো বলেন, আমরা যতই সংস্কার করি, কোনো লাভ হবে না। যদি রাজনৈতিক সংস্কৃতি বদলাতে না পারি, কোনো সংস্কার কাজে আসবে না। অপরের মতকে আমাদের সম্মান জানাতে হবে। সহনশীল হতে হবে। এর মাধ্যমেই দেশকে আমরা ঐক্যবদ্ধভাবে এগিয়ে নিয়ে যেতে পারবো। দেশের জাতীয় স্বার্থে যেখানে ঐক্য দরকার, সেখানে ঐক্য করতে হবে।

এ সময় মান্নান নিলুফার মেমোরিয়াল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ব্যারিষ্টার মেহনাজ মান্নানের সভাপতিত্বে আলোচক ছিলেন, নর্দান বিশ্ব বিদ্যালয়ের সহযোগী অধ্যাপক মো.জসিম উদ্দিন ও স্বাগত বক্তব্য রাখেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাসির উদ্দীন আহমেদ অসীম।

বিশেষ অতিথি ছিলেন, বিএনপির চেয়ারপার্সন উপদেষ্টা জহির উদ্দিন স্বপন, সাংগঠনিক সম্পাদক মিসেস শামা ওবায়েদ,প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু,সহ- সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম,ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক।

আরো উপস্থিত ছিলেন,দোহার উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক খন্দকার শাহীন মাহমুদ,দোহার পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক মহসিন উদ্দিন খান মাসুম, ঢাকা যুবদলের সাবেক সহ-সভাপতি তপন মোল্লা, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকদলের সহ-সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, উপজেলা বিএনপি নেতা হারুন অর রশিদ, দোহার উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি আক্তারউজ্জামান সোহেল বেপারী, দোহার উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক বোরহান মিয়া সহ আরো অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *