মুন্সীগঞ্জে স্যার জগদীশ চন্দ্র বসু ইনস্টিটিউশন ও কলেজের সাবেক অধ্যক্ষ ফরহাদ আজিজের পুনর্বাসনের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ

এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় স্যার জগদীশ চন্দ্র বসু ইনস্টিটিউশন ও কলেজের সাবেক অধ্যক্ষ ফরহাদ আজিজের পুনর্বাসনের প্রতিবাদে শিক্ষার্থীরা বিক্ষোভ কর্মসূচি পালন করেছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুর ২টার দিকে কলেজ প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

শিক্ষার্থীরা জানান, ছাত্র-ছাত্রীদের আন্দোলনের মুখে স্বেচ্ছায় পদত্যাগ করতে বাধ্য হওয়া সাবেক অধ্যক্ষ ফরহাদ আজিজ বিভিন্ন দুর্নীতির সঙ্গে জড়িত ছিলেন। এছাড়া, ৭ম শ্রেণির এক ছাত্রীকে যৌন হয়রানির ঘটনায় অভিযুক্ত এক ব্যক্তিকে প্রশ্রয় দেওয়ার অভিযোগও তার বিরুদ্ধে রয়েছে। এসব গুরুতর অভিযোগ থাকা সত্ত্বেও তাকে পুনর্বাসনের কোনো চেষ্টা মেনে নেওয়া হবে না বলে শিক্ষার্থীরা দৃঢ় অবস্থান ব্যক্ত করেন।
বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, যে ব্যক্তি দুর্নীতি ও অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত, তাকে কোনোভাবেই আমাদের প্রতিষ্ঠানে ফিরিয়ে আনা যাবে না। আমরা তার স্থায়ী বহিষ্কার দাবি করছি।

কর্মসূচিতে বক্তারা আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি ফরহাদ আজিজকে পুনর্বাসনের কোনো উদ্যোগ নেওয়া হয়, তাহলে শিক্ষার্থীরা আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে।
উল্লেখ্য, এ কর্মসূচির আয়োজন করে স্যার জগদীশ চন্দ্র বসু ইনস্টিটিউশন ও কলেজের সকল শিক্ষার্থীবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *