নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহার উপজেলার সুতারপাড়া ইউনিয়নের দোহার ঘাটা সুলতান খান মসজিদ সংলগ্ন এলাকায় সরকারি রাস্তা ও হালট দখল করে বাড়ি নির্মাণ করেছেন প্রভাবশালী এক ব্যক্তি।
শুক্রবার সরেজমিনে গিয়ে জানা যায়, উপজেলার সুলতান খান মসজিদ সংলগ্ন এলাকা হতে সারেং বাড়ি পর্যন্ত সরকারি আরসিসি রাস্তা ও হালটের বেশ কিছু অংশ দখল করে বাড়ি নির্মাণ করছেন স্থানীয় মোক্তার হোসেন নামে এক ব্যক্তি।
স্থানীয়রা জানান, বারবার নিষেধ করার পরেও তারা সরকারি জমি দখল করে বাড়ি নির্মাণ করেন। এ নিয়ে স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। জানা যায়, সুতারপাড়া ইউনিয়নের দোহার ঘাটা মৌজায় সরকারি খতিয়ানে এস-১৬৮৬ ও আর এস খতিয়ানে ২৬৬২ দাগ নাম্বারে সুলতান খান মসজিদ হতে সারেং বাড়ি পর্যন্ত ২০ ফিট সরকারি হালট উল্লেখ রয়েছে যেখানে বর্তমানে ১০ ফিট একটি আরসিসি রাস্তা রয়েছে। বাকি ১০ ফিট জমি রাস্তার দুই পাশে রয়েছে বলে জানান স্থানীয় বাসিন্দারা। সরজমিনে গিয়ে দেখা যায় আরসিসি রাস্তা সহ সরকারি হালটের বেশ কিছু অংশই দখল করে বাড়ি নির্মাণ করছেন মোক্তার হোসেন। তবে মোক্তার হোসেন দোহারে না থাকায় তার কোন বক্তব্য পাওয়া না গেলেও তার ভাই নুরুল ইসলাম জানান নিজেদের জমিতেই বাড়ি নির্মাণ করছেন তার ভাই। তিনি আরো বলেন,আশে পাশে আরো অনেকেই জমি দখল করছে।
নাম প্রকাশে অনিচ্ছুক ঐ এলাকার বেশ কয়েকজন প্রতিবেশী জানান, তাদের ক্ষমতা আছে তাই তারা সরকারি জমিতে বাড়ি নির্মাণ করছে। আর রাস্তার উপর বিল্ডিং এর কিছু অংশ নিয়ে এসেছে। যার কারনে চলাচলে প্রায়ই বিঘœ ঘটছে পথচারীদের। এমন দখলবাজদের বিরুদ্ধে প্রশাসন যদি কোন ব্যবস্থা না নেয় তাহলে সরকারি সম্পত্তি বলে আগামীতে কিছুই থাকবে না।
এবিষয়ে দোহার উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র নববাংলাকে জানান, এই বিষয়টি আমার জানা ছিল না। যদি কেউ সরকারি জমি দখল করে থাকেন তাহলে খুব শিগগিরই তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
