কেরানীগঞ্জে নকল ওষুধ কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান- কারাদণ্ড ১

 কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি : ঢাকার কেরানীগঞ্জে একটি গবাদি পশুর নকল ওষুধ তৈরির কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। এই অভিযানে কারখানার মালিক ফারহান আল মাহমুদকে দেড় মাসের কারাদণ্ড প্রদান ও ৫০হাজার টাকা জরিমানা করা হয়েছে । এ সময় ভেজাল ওষুধ তৈরির সরঞ্জাম ও প্রচুর পরিমাণ নকল ওষুধ জব্দ করে প্রতিষ্ঠানটি সিলগালা করে দেয়া হয়। কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল দক্ষিণ সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে সোমাবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে উপজেলার রাজেন্দ্রপুরের করেরগাও এলাকায় ওই কারখানায় ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান পরিচালনা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোঃ আব্দুস সাত্তার ও বিভিন্ন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য। এলাকাবাসী জানায়, দীর্ঘদিন ধরে ভাড়া বাড়িতে ভেজাল ওষুধ তৈরি করে আসছিলেন ফারহান আল মাহমুদ। দেশি-বিদেশি কোম্পানির নাম নকল করে এসব ওষুধ স্থানীয় দোকানসহ সারা দেশে সরবরাহ করা হতো। সহজ-সরল খামারিরা এসব ওষুধ কোরবানির গবাদি পশুর জন্য ব্যবহার করতেন। কারখানার বিষয়টি জানাজানি হলে কারখানার অবস্থান পরিবর্তন করে নতুন ঠিকানায় কার্যক্রম শুরু করতেন তিনি। তার ভেজল ওষুধ ব্যবহার করে গরুর বাছুর মারা যাওয়াসহ গবাদিপশুর নানা সমস্যা সৃষ্টি হয়েছে। কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল, দক্ষিণ এর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ আব্দুল্লাহ আল মামুন বলেন, এ ধরনের কার্যক্রম পশুসম্পদ ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি। অভিযানের পরিপ্রেক্ষিতে মৎস্য খাদ্য ও পশু খাদ্য আইন, ২০১০ এর ৪ ধারায় কারখানা মালিক ফারহান আল মাহমুদকে দেড় মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ডসহ ভেজাল ওষুধ তৈরির সরঞ্জাম এবং প্রচুর পরিমাণ নকল ওষুধ জব্দ করে প্রতিষ্ঠানটি বন্ধ করে দেয়া হয়। অবৈধ ওষুধ তৈরি কারখানার বিরুদ্ধ্বে অভিযান চলমান থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *