সালমান এফ রহমানের প্রতিশ্রুতির বাস্তবায়নঃ আইএফআইসি ব্যাংকে চাকরি পেল দোহার-নবাবগঞ্জের ২১ তরুণ-তরুণী

নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা-১ আসনের সংসদ সদস্য ও প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে প্রতিশ্রুতি দিয়েছিলেন দোহার-নবাবগঞ্জবাসীর বেকারত্ব দূরীকরণে কাজ করে যাওয়ার। এছাড়া এই দুই উপজেলাকে মডেল উপজেলা তৈরি করার ঘোষণা দেন তিনি।

নির্বাচনে জয়ী হওয়ার পর থেকে তার প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন নিরলসভাবে। সালমান এফ রহমানের প্রতিশ্রুতির মধ্যে বেকারত্ব দূরীকরণে দোহার ও নবাবগঞ্জ উপজেলার শিক্ষিত তরুণদের যোগ্যতার ভিত্তিতে আইএফআইসি ব্যাংক এ চাকরির সুযোগ করে দেয়ার ঘোষণা দেওয়া হয়।

এরপর নিয়োগ প্রক্রিয়ার অংশ হিসেবে দুই উপজেলার স্নাতক ডিগ্রিধারী শিক্ষার্থীদের নিকট তাদের জীবনবৃত্তান্ত চাওয়া হয়। এরই ধারাবাহিকতায় দুই উপজেলা থেকে জীবনবৃত্তান্তের কপি জমা দেন শিক্ষিত যুবক যুবতীরা।কাগজপত্র বাছাই পূর্বক চলতি বছরের ১৩ মার্চ লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করে এসকল শিক্ষার্থীরা। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয় ৩৬ জন চাকরি প্রত্যাশী শিক্ষিত তরুণ-তরুণী।

এরপর এদের সবাইকে কম্পিউটার অপারেটিং এর উপর দক্ষতা যাচাই সম্পর্কে ডাকা হলে যাচাই-বাছাই শেষে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত হয় ২১ জন চাকরি প্রত্যাশী। মৌখিক পরীক্ষাসহ অন্যান্য সকল পরীক্ষায় উত্তীর্ণ হওয়ায় মোট ২১ জনকে চূড়ান্তভাবে চাকরির নিয়োগপত্র দেওয়া হয়। চার চারটি ধাপ সফলতার সাথে অতিক্রম করে নিজেদের যোগ্যতার পরিচয় দিয়েছে দোহার-নবাবগঞ্জের স্নাতক ডিগ্রিধারী মেধাবী শিক্ষার্থীরা।

ত্যাগ আর পরিশ্রমের ফলাফলস্বরূপ ঈদের পূর্বমুহূর্তে এমন সু-খবর পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেছে নিয়োগপত্র হাতে পাওয়া শিক্ষার্থীরা। নিজেদের যোগ্যতা যাচাইয়ের সুযোগ দিয়ে নিয়োগ দেওয়ার কৃতিত্ব স্বরূপ ঢাকা-১ আসনের সাংসদ সালমান এফ রহমানকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন আইএফআইসি ব্যাংকে চাকুরিপ্রাপ্ত নব-নিযুক্ত তরুণ-তরুণীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *