সকালে বাড়ি থেকে বেরিয়েছিলেন এইচএসসি পরীক্ষা দিতে। কিন্তু পরীক্ষা কেন্দ্রে পৌঁছানো হলো না নাফিসা নাওয়ালের (১৮)। পথে ক্রেনের ধাক্কায় গুরুতর আহত হন তিনি। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। শনিবার সকালে চট্টগ্রাম নগরের পতেঙ্গা থানার নেভি হাসপাতাল গেটের বিপরীত পাশে এ দুর্ঘটনা ঘটে।
নাফিসা চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী। তাঁর বাড়ি পতেঙ্গার কাঠগড় এলাকার আসমত আলীর বাড়িতে। তাঁর বাবা মামুন মিয়া ও মা মুক্তা বেগম।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম বলেন, এইচএসসি পরীক্ষা দিতে যাওয়ার পথে নেভি হাসপাতাল গেটের বিপরীত পাশে ক্রেনের ধাক্কায় গুরুতর আহত হন নাফিসা। তাঁকে উদ্ধার করে চমেক হাসপাতালে আনা হয়। সকাল ৯টা ৫০ মিনিটের দিকে হাসপাতালে আনার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেছেন।
