নিজস্ব প্রতিবেদক: ঢাকার নবাবগঞ্জ উপজেলার চূড়াইন ইউনিয়নে দীর্ঘদিনের পারিবারিক বিরোধের জেরে মো. সৌরভ ইসলাম (২৪) নামে এক স্বেচ্ছাসেবক দলের কর্মীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।
আহত সৌরভ ইসলাম পূর্ব চূড়াইন গ্রামের মো. নজরুল ইসলামের ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৩০ জুলাই রাত সাড়ে ১১টার দিকে নবাবগঞ্জ থানার দক্ষিণ চূড়াইন এলাকার মরা খালের মোড়সংলগ্ন পাকা সড়ক দিয়ে মোটরসাইকেলে যাওয়ার সময় পূর্বপরিকল্পিতভাবে একদল ব্যক্তি তার পথরোধ করে। দীর্ঘদিনের পারিবারিক বিরোধের জেরে তাকে এলোপাতাড়ি মারধরের পর ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এজাহারে আরও বলা হয়, হামলার সময় সৌরভ ইসলামের কাছে থাকা নগদ টাকা, একটি স্বর্ণের চেইন ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়। পাশাপাশি তার মোটরসাইকেল ভাঙচুর করা হয়। হামলাকারীরা এলাকায় ঘরবাড়িতেও ভাঙচুর ও ক্ষয়ক্ষতি করেছে বলেও অভিযোগ করা হয়েছে।
ঘটনার পরদিন ১ আগস্ট সৌরভের বাবা মো. নজরুল ইসলাম নবাবগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে একই এলাকার ১৩ জনকে আসামি করে মামলা রুজু করা হয়েছে।
অভিযুক্তদের একজন মো. শামীম রেজার বক্তব্য জানতে একাধিকবার তার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও ফোনটি বন্ধ পাওয়া যায়।
স্থানীয় বাসিন্দাদের দাবি, চূড়াইন এলাকায় এর আগেও দুই পক্ষের মধ্যে একাধিকবার বিরোধ ও উত্তেজনার ঘটনা ঘটেছে। তাদের ভাষ্য, দীর্ঘদিনের সেই বিরোধের ধারাবাহিকতাতেই সর্বশেষ এই হামলার ঘটনা ঘটেছে। ঘটনার পর এলাকায় উদ্বেগ ও উত্তেজনা বিরাজ করছে।
নবাবগঞ্জ থানার ওসি মো. আবু হানিফ বলেন, ‘এ বিষয়ে একটি মামলা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশি অভিযান চলমান। দোষীদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
