নিজস্ব প্রতিবেদক: দুর্নীতি, লুটপাট ও রাজনৈতিক প্রভাব খাটিয়ে অদক্ষ কর্মকর্তাদের অবৈধ নিয়োগের প্রতিবাদে ঢাকার দোহার উপজেলায় মানববন্ধনের আয়োজন করা হয়েছে ব্যাংক গ্রাহক ফোরাম। গত মঙ্গলবার সকালে দোহার শাখার সামনে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সাধারণ গ্রাহক ও ব্যবসায়ীরা অংশ নেন।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, দেশের বৃহত্তম শরিয়াভিত্তিক ব্যাংক ইসলামী ব্যাংকে দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী চক্র কর্তৃত্ব করছে। আলোচিত ব্যবসায়ী গোষ্ঠী এস আলম প্রুপ এই চক্রের নেতৃত্বে থেকে রাজনৈতিক প্রভাব ও আর্থিক শক্তি ব্যবহার করে ব্যাংকের নিয়ন্ত্রণ নেয়।
অংশগ্রহণকারীরা বলেন, গ্রাহকের আমানত রক্ষায় ইসলামী ব্যাংকে একটি শক্তিশালী, দক্ষ ও স্বাধীন পরিচালনা পর্ষদ গঠন করতে হবে। যারা দুর্নীতি করেছে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে।
ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম জানায়, দাবিগুলো দ্রুত বাস্তবায়ন না হলে তারা সারা দেশে গ্রাহক আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবে।
