নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি. জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা নির্বাচন কমিশনের অধীনে রাখার দাবিতে ‘স্ট্যান্ড ফর এনআইডি’ মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে ঢাকার নবাবগঞ্জ উপজেলা নির্বাচন অফিসের কর্মকর্তা কর্মচারীবৃন্দ। কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করে স্থানীয় জনসাধারণও এতে অংশগ্রহন করেন।”সেভ এনআইডি, প্রটেক্ট ভোটার লিস্ট, ইনশিউর ডেমোক্রেসি” প্রতিপাদ্যে বাংলাদেশ ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশন দেশব্যাপী এ কর্মসূচির ঘোষণা দেয়। বৃহস্পতিবার (১৩ মার্চ) বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলা নির্বাচন অফিসের সামনে অবস্থান কর্মসূচি বাস্তবায়ন করে কর্মকর্তা কর্মচারীবৃন্দ। এবিষয়ে নবাবগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. গোলাম মোস্তফা বলেন, বিগত সরকার এনআইডি কার্যক্রম প্রথমে সুরক্ষা সেবা বিভাগে নেওয়ার উদ্যোগ নেয়। কিন্তু সবাই চেয়েছে এটি ইসির অধীনে থাকুক। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নেওয়ার আইন বাতিল করে অন্তবর্তী সরকারের উপদেষ্টা পরিষদ সিদ্ধান্ত নিয়েছে এনআইডি কার্যক্রম ইসির অধীনেই ন্যন্ত করার। সম্প্রতি আরেকটি উদ্যোগ নেওয়া হয়েছে, আলাদা কমিশন গঠন করে এনআইডি কার্যক্রম পরিচালনার জন্য। তিনি আরও বলেন, গত ৫ মার্চ এনআইডি কার্যক্রম উদ্ভুত পরিস্থিতি নিয়ন্ত্রণে দৃশ্যমান উদ্যোগ নিতে কমিশনের কাছে স্মারকলিপি দেয়া হয়। তাতে সরকার ও কমিশনের দৃশ্যমান উদ্যোগের জন্য। কমিশন একমত পোষণ করে ৯ তারিখে সরকারকে চিঠি দিয়েছে। কমিশনের কাছ থেকে সাড়া পেলেও সরকারের কোনো সাড়া পাওয়া যায়নি। তাই পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ‘স্ট্যান্ড ফর এনাইডি’ কর্মসূচি পালন করছি।
