কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, স্বৈরাচারী শেখ হাসিনা দেশ থেকে পালায় কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া কখনো পালায় না। শেখ হাসিনা দম্ভ করে বিভিন্ন রাজনৈতিক সভা সমাবেশে বলেছিলেন শেখ মুজিবের মেয়ে শেখ হাসিনা কখনো দেশ থেকে পালাবে না। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস ছাত্র জনতার আন্দোলনের মুখে তিনি তার দলবল, এমপি -মন্ত্রী সবাইকে ফেলে নিজেই দেশ থেকে পালিয়ে গেলেন। তিনি আজ বিকেলে কেরানীগঞ্জের কোন্ডার সাধুর বাজার খেলার মাঠে দক্ষিণ কেরানীগঞ্জ থানা শ্রমিক দলের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। গয়েশ্বর চন্দ্র রায় আরো বলেন, স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতনের জন্য আমরা যতনা আন্দোলন করেছি তার চেয়ে বেশি হাসিনার উপর আল্লাহর গজব পড়েছে। সেই গজবেই তার পতন হয়েছে।শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান গর্ব করে বলতেন আমি একজন শ্রমিক।
বেগম খালেদা জিয়াও বলতেন আমি একজন শ্রমিকের বউ। জিয়াউর রহমান মাটিকাটা উদ্বোধন করতেন না তিনি নিজের হাতে কোদাল দিয়ে মাটি কাটতেন। যে জাতি শ্রমিকদের যত মর্যাদা দিয়েছে সে জাতি তত উন্নত হয়েছে। শ্রমিকদের মর্যাদা না দিলে একটি দেশ অর্থনৈতিকভাবে স্বনির্ভর দেশে পরিণত হতে পারে না। অলস মস্তিষ্ক শয়তানের আড্ডাখানা। দেশের সক্ষম বেকারদের হাতে কাজ দিলে অর্থনৈতিকভাবে দেশ এগিয়ে যাবে। তিনি বলেন, হত্যাকাণ্ডের চেয়ে গুম একটি নিষ্ঠুর ঘটনা। গুমের শিকার হওয়া পরিবারের লোকজন না পারে কবর জিয়ারত করতে, না পারে মৃত্যুবার্ষিক পালন করতে। তিনি উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, সবাইকে একতাবদ্ধ ও মানব সেবায় এগিয়ে আসতে হবে এবং ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সবাইকে সজাগ ও সোচ্চার থাকতে হবে।
দক্ষিণ কেরানীগঞ্জ থানা শ্রমিক দলের সভাপতি হাজী মোঃ শাহিন আহমেদের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন, ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুন রায় চৌধুরী, দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপি’র সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবু, কোন্ডা ইউনিয়ন বিএনপি’র সভাপতি মো: নুর হোসেন নুরু, বিএনপি নেতা মাহাবুবুর রহমান মামুন, ঢাকা জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ হোসেন আলী, দক্ষিণ কেরানীগঞ্জ থানা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আসাদুর রহমান সোহেল , দক্ষিণ কেরানীগঞ্জ থানা যুবদলের সভাপতি মাসুদ আলম স্বাধীন, সাধারণ সম্পাদক আতিকুর রহমান মানিক প্রমূখ ।
