মোঃ আব্দুল গনি, কেরানীগঞ্জ (ঢাকা) : ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে বৈদ্যুতিক তারে পেঁচিয়ে পড়া টিয়া পাখি উদ্ধারে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে তিনজন দগ্ধ হয়েছেন। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বিকাল ৫ টায় শুভাঢ্যা ইউনিয়নের হাসনাবাদ এলাকায় ইনসাফ মার্কেট সংলগ্ন ছয়তলা বাসার ছাদে বিদ্যুৎ স্পৃষ্টের ঘটনা ঘটে। দগ্ধদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
দগ্ধরা হলেন, আতিফ (৪০), রুপক (২৫) ও তাদের গাড়ি চালক শফিকুর রহমান (৪৫)। স্থানীয়রা জানান, দগ্ধ ব্যক্তিরা ঢাকা থেকে নিজেদের পোষা টিয়া পাখি নিয়ে হাসনাবাদ এলাকায় এক আত্মীয় বাসায় বেড়াতে আসে। পরবর্তীতে পোষা টিয়া পাখিটি উড়ে গিয়ে বৈদ্যুতিক তারের ওপর বসলে ঘুড়ির সুতার সাথে পেঁচিয়ে যায়। পরবর্তীতে পাখিটি উদ্ধারের জন্য বৈদ্যুতিক তারে লাঠি দিয়ে বাড়ি দিলে নিকটস্থ বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফরণের তিনজন গুরুতর আহত হয়। শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনিস্টিউটের আবাসিক চিকিৎসক মো. তরিকুল ইসলাম জানান, আহত তিনজনের মধ্যে দুইজনকে ভর্তি করা হয়েছে। একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।
এবিষয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুব আলম বলেন, কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় বৈদ্যুতিক তারের সাথে ঘুড়ির সুতায় পেঁচিয়ে যাওয়া তাদের পোষা টিয়া পাখি উদ্ধারে যায়। এসময় এ দুর্ঘটনা ঘটে।স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। তিনজনে মধ্যে একজনের অবস্থা আশঙ্কা জনক।
