দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি. মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২২ উপলক্ষে ঢাকার নবাবগঞ্জে বঙ্গবন্ধু স্মৃতি গরুর রশি ছেড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকালে শোল্লা ইউনিয়নের বাঁশনল এলাকায় গ্রামবাংলার ঐতিহ্যবাহী এ ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করেন বাঁশনল বাজার কমিটি, বাঁশনল যুব সংঘ ও এলাকাবাসী। গরুর রশি ছেড়া দেখতে অন্তত ১০ হাজার দর্শক সমবেত হয়।
বিকাল ৩টা থেকে নানা বয়সী মানুষ দলে দলে গরুর রশি ছেঁড়া দেখতে আসে। মুহুর্তে মাঠের চারপাশ ভরে ওঠে। অনুষ্ঠান স্থলকে ঘিরে বাঙালীর সংস্কৃতি ও ঐতিহ্য গ্রাম্য মেলা বসে। অনুষ্ঠানের সভাপতি ও বাঁশনল বাজার কমিটির সভাপতি, বিটিভি ও বাংলাদেশ বেতারের নিয়মতি গীতা পাঠক হরিদাস মজুমদার জানান, প্রায় ৪’শ বছর আগে থেকে এ প্রথা পালন করে আসছে এলাকার মানুষ। গ্রাম বাংলার ঐতিহ্য হারানোর
পথে। তবুও প্রথা পালনের চেষ্টা করেছি। এলাকার মানুষ গুলো প্রতিবছরই এ দিনের
অপেক্ষায় প্রহর গুণে।
বিকালে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জামসার কুরবান মোল্লার গরু, দোহার উপজেলার কার্তিকপুরের আসলাম বেপারী দীর্ঘকায় সাদা রংয়ে গরু ও যন্ত্রাইল ইউনিয়নের ভাওয়ালিয়া গ্রামের দরবেশ মাদবরের বিশালাকার গরু মাঠ জুড়ে দাপিয়ে
বেড়ান। যা দর্শকদের আনন্দ-বিনোদনের খোরাক জোগান। তাছাড়াও নবাবগঞ্জ, দোহার, মানিকগঞ্জ জেলার বিভিন্ন গ্রাম থেকে প্রায় অর্ধশত গরু নিয়ে আসা যুবকরা মাঠ জুড়ে ছুটো ছুটি করেন।
সন্ধ্যায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন নবাবগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান, যুবলীগ নেতা তাবির হোসেন খান পাভেল।
প্রতিযোগীতায় পুরস্কার হিসেবে সবচেয়ে বেশি রশিছেঁড়া গরুর অভিভাবকদের ১০টি টেলিভিশন, ১০টি ফ্যান, ১০টি গ্যাসের চুলা ও ২০ বালতি দেয়া হয়।
উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা বোরহান উদ্দিন, বাঁশনল যুব সংঘের সভাপতি শহীদ হোসেন, পাতিলঝাপ জনকল্যান সংঘের সাধারণ সম্পাদক মো. ফারুক হোসেন, যন্ত্রাইল ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি আরশেদ মীর, যন্ত্রাইল ইউপি সদস্য শহীদুল ইসলাম, যুবলীগ নেতা ছাবিদুল ইসলাম, কৃষকলীগ নেতা বিল্লাল হোসেন, সমাজকর্মী জাফর মীর প্রমুখ।
