সিংগাইরে অপহৃত দু’মাদরাসা ছাত্রী নবাবগঞ্জ থেকে উদ্ধার, গ্রেফতার ২

সিংগাইর (মানিকগঞ্জ). প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইর উপজেলার সায়েস্তা ইউনিয়নের কানাইনগর গ্রাম থেকে অপহৃত মাদরাসার দু’ছাত্রীকে ঢাকার নবাবগঞ্জ থেকে উদ্ধার করেছে থানা পুলিশ। সেই সাথে অপহরণের সাথে জড়িত ২ জনকে গ্রেফতার করা হয়েছে।গ্রেফতারকৃতরা হচ্ছেন, ওই ইউনিয়নের গোপালনগর গ্রামের মতিয়ার রহমানের পুত্র তপন (২০) ও বেগুনটিউরী গ্রামের রমজান আলীর পুত্র লালন (২৬) । গ্রেফতারকৃতদের সোমবার (২৬ এপ্রিল) আদালতে প্রেরণ করা হয়েছে। সেই সাথে উদ্ধারকৃত ভিকটিমদ্বয়কেও ২২ ধারায় জবানবন্দি গ্রহণের জন্য আদালতে পাঠানো হয়েছে।

মামলার এজাহার সূত্রে প্রকাশ, ওই ছাত্রীদ্বয় সম্পর্কে আপন চাচাতো বোন। আসামি তপন তাদের একজনের সাথে প্রেম ভালবাসার কথা বলে ফুসলিয়ে গত ২৪ এপ্রিল বিকেল ৪টার দিকে পার্শ্ববর্তী কানাইনগর গ্রামের নুরা পালের লেবু বাগানে নিয়ে যায়। এরপর পরিকল্পিতভাবে এজাহারভুক্ত আসামি তপন, লালন, নুর-মোহাম্মদসহ অজ্ঞাত তিন জন ভিকটিমদ্বয়কে প্রাইভেটকারযোগে অপহরণ করে নিয়ে যায়।

বিষয়টি ওই পরিবারের পক্ষ থেকে থানা পুলিশকে অবগত করা হয়। একদিন পর রোববার (২৫ এপ্রিল) বিকেল ৫টার দিকে নবাবগঞ্জ বাসষ্ট্যান্ড মোড়ে ভিকটিমদ্বয়কে রেখে আসামিরা পালিয়ে যায়। পরে স্থানীয় চায়ের দোকানদার নান্নু বেপরীর মাধ্যমে সংবাদ পেয়ে পরিবারের সহায়তায় থানা পুলিশ তাদের উদ্ধার করে। এ ঘটনায় ভিকটিটিমের পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *