উধাও জ্যাক মা!

ডেস্ক রিপোর্ট : হঠাৎ উধাও চীনা প্রযুক্তি বিলিয়নিয়ার জ্যাক মা। দু’মাসেরও বেশি সময় ধরে তাকে জনসম্মুখে দেখা যায়নি বলে জানা গেছে। তিনি এখন কোথায় আছেন তা কেউ জানেন না। এমনকি নিজের উদ্ভাবিত ট্যালেন্ট শোতেও নেই তার উপস্থিতি।রোববার (৩ জানুয়ারি) ডেইলি মেইলের একটি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

জ্যাক মা গত বছরের অক্টোবরে চীনের আর্থিক খাত নিয়ামক সংস্থার সমালোচনা করেন। তার কয়েক সপ্তাহ পর থেকে তাকে আর জনসম্মুখে দেখা যাচ্ছে না। তিনি যুক্তরাষ্ট্রের ‘দ্য এপ্রেনটিস’ টিভি শোর আদলেই চালু করেন ‘আফ্রিকা’স বিজনেস হিরোজ নামক জনপ্রিয় অনুষ্ঠান।

সেই অনুষ্ঠানে তরুণ আফ্রিকান উদ্যোক্তাদের মধ্যে ব্যবসায়িক উদ্ভাবনী ক্ষমতা নিয়ে প্রতিযোগিতার আয়োজন করা হয়। আর বিজয়ী পান ১৫ লাখ মার্কিন ডলারের আকর্ষণীয় আর্থিক পুরস্কার। কিন্তু অনুষ্ঠানের চূড়ান্ত রাউন্ডেও উপস্থিত ছিলেন না জ্যাক মা। ফলে তিনি আদৌ মুক্ত কিনা নাকি গৃহবন্দি তা নিয়েও শঙ্কা দেখা দিয়েছে।

জ্যাক মা কখনোই নিজের শো মিস করেন না। তিনি বিচারক প্যানেলের সদস্য হিসেবে উদ্যোক্তাদের ব্যবসায়িক আইডিয়াগুলো পর্যালোচনা করে রায় ঘোষণা করেন। কিন্তু নভেম্বরে এবার অনুষ্ঠিত ফাইনালে তার জায়গায় বিচারকমণ্ডলীতে ছিলেন আলীবাবার একজন নির্বাহী। অথচ জ্যাক মা আলীবাবার প্রতিষ্ঠাতা এবং মুখ্য নির্বাহী।

বিচারক প্যানেলের ওয়েবপেজ থেকেও সরিয়ে নেওয়া হয়েছে এই চীনা প্রযুক্তি বিলিয়নিয়ারের নাম। এমনকি অনুষ্ঠানের প্রমোশনমূলক ভিডিওতেও তার অংশটুকু কেটে বাদ দেওয়া হয়েছে।

আলীবাবার একজন মুখপাত্রের মন্তব্যর বরাত দিয়ে প্রতিবেদনে জানানো হয়েছে, ওই সময়ে ব্যস্ত থাকার কারণে জ্যাক মা বিচারক প্যানেলে উপস্থিত থাকতে পারেননি। তবে এই বিবৃতিকে বিশ্বাসযোগ্য মনে করা হচ্ছে না অনেকেই।

একসময় চীনের সবচেয়ে সফল এই উদ্যোক্তা ছিলেন রাজনীতিবিদদের প্রিয়ভাজন। কিন্তু সম্প্রতি তিনি সেই সুনজর হারিয়েছেন বলে স্পষ্ট দেখা যাচ্ছে। বিশেষ করে, কেন্দ্রীয় ব্যাংকের নীতিমালা নিয়ে সমালোচনা করার পর থেকেই একের পর এক আক্রমণের মুখে পড়েছে আলীবাবা এবং মার আরেক প্রতিষ্ঠান অ্যান্ট গ্রুপ।

এরই মধ্যে অ্যান্ট গ্রুপের ৩৭ বিলিয়ন ডলারের আইপিও স্থগিত করেছে সাংহাই স্টক এক্সচেঞ্জ। তারপর থেকেই জ্যাক মাকে আর জনসম্মুখে দেখা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *