চেয়ারের ওপর পড়েছিল কলেজ শিক্ষকের গলাকাটা লাশ

নড়াইলে ঘরে ঢুকে অরুণ রায় (৭২) নামে এক অবসরপ্রাপ্ত কলেজ শিক্ষককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। সদর উপজেলার ব্যানাহাটি গ্রামে নিজ বাড়িতে এ ঘটনা ঘটেছে। শুক্রবার (২৩ অক্টাবর) রাত ৮টার দিকে হত্যার বিষয়টি জানাজানি হয়।

নিহত অরুণ রায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর খুলনা অঞ্চলের উপপরিচালক নিভা রাণী পাঠকের স্বামী।

গ্রামবাসী ও পারিবারিক সূত্রে জানা গেছে, অবসরপ্রাপ্ত কলেজ শিক্ষক অরুণ রায় সদর উপজেলার তুলারামপুর ইউনিয়নের ব্যানাহাটি গ্রামে একাই বসবাস করতেন। তার স্ত্রী, প্রকৌশলী ছেলে ও চিকিৎসক মেয়ে চাকরির সুবাদে জেলার বাইরে থাকেন। তারা মাঝে মাঝে ছুটিত বাড়ি আসতেন। শুক্রবার সারাদিন অরুণ রায়ের কোনো সাড়া শব্দ না পেয়ে সন্ধ্যার পর স্ত্রী নিভা রাণী পাঠক ও ছেলে ইদ্রাজিৎ রায় বাড়িতে এসে মই বেয়ে দ্বিতল ভবনের দরজা ভেঙে ঘর প্রবেশ করে চেয়ারের ওপর গলা কাটা অবস্থায় তার মরদেহ দেখতে পান।

তুলারামপুর ইউনিয়নের চেয়ারম্যান বুলবুল আহম্মদ বলেন, বাড়িতে অরুণ রায় একাই থাকতেন। বৃহম্পতিবার (২২ অক্টোবর) রাতে এ হত্যাকাণ্ড ঘটতে পারে।

এ ব্যাপারে সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াছ হোসেন বলেন, তাকে হত্যার বিষয়টি পুলিশ শুক্রবার সন্ধ্যার পরে জানতে পেরে ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *