এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী( মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বাসাইল ইউনিয়নের চরকুন্দলিয়া গ্রামে বিষপানের ৫ দিন পর চিকিৎসাধীন অবস্থায় আধা ঘন্টার ব্যবধানে স্বামী-স্ত্রী মারা গেছেন। তাদের নাম দেলোয়ার হোসেন (২৫) ও রাখি আক্তার (২৩)।
সিরাজদিখান থানার উপপরিদর্শক মোঃ হাফিজুর রহমান এ খবর নিশ্চিত করেন।
তিনি জানান, শনিবার সকালে রাজধানীর দুই বেসরকারি হাসপাতালে (নিউ লাইফ ও ম্যাক্সএইড হাসপাতালে) চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। দেলোয়ার সকাল সাড়ে ৯ টার দিকে এবং রাখি ১০ টার দিকে মারা যায়। নিহতদের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে। আগামীকাল রবিবার তাদের ময়নাতদন্ত করা হবে।
পুলিশ জানায়, দেলোয়ার চরকুন্দলিয়া গ্রামের মোঃ বারেক মিয়ার ছেলে এবং রাখি একই গ্রামের মোঃ রশিদের মেয়ে। ছয় বছর আগে তাদের পারিবারিক ভাবে বিয়ে হয় এবং তাদের দুজনের দুই ছেলে সন্তান রয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত ৪ আগস্ট সন্ধ্যায় পারিবারিক কলহের এক পর্যায়ে প্রথমে রাখি আক্তার বিষপান করেন। পরে একই বোতলের অবশিষ্ট বিষ
স্বামী দেলোয়ার পান করেন। পরিবারের সদস্যরা দ্রুত তাদের উদ্ধার করে প্রথমে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরবর্তীতে
উন্নত চিকিৎসার জন্য স্ত্রীকে নিউ লাইফ এবং স্বামীকে ম্যাক্সএইড হাসপাতালে স্থানান্তর করা হয়।
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবু বক্কর সিদ্দিক জানান, প্রাথমিকভাবে মনে হচ্ছে পারিবারিক মনোমালিন্যের জেরেই বিষপান করে এই
ঘটনা ঘটেছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
