সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইর থেকে ৮২ গ্রাম হেরোইনসহ চিহ্নিত দুই মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। শনিবার (২০ মে) সকালে এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ আবুল কালাম তাদের আটকের বিষয়টি নিশ্চিত করেন।
আটককৃতরা হলেন, উপজেলার বায়রা ইউনিয়নের বাড্ডা গ্রামের মৃত আশোক আলীর ছেলে মো. মহিদুর রহমান (৩১) এবং বাইমাইল গ্রামের দেওয়ান মফিজুল ইসলামের ছেলে দেওয়ান মামুন (৩৫)।
ডিবি পুলিশের প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়, শুক্রবার (১৯ মে) রাত সাড়ে ১১টার দিকে মানিকগঞ্জ জেলা গোয়েন্দা শাখার এসআই (নিঃ) মাহফুজ রানার নেতৃত্বে একটি অভিযানিক দল বিশেষ অভিযান পরিচালনা করে উপজেলার বায়রা ইউনিয়নের কালিনগর গ্রামের আঃ রহিমের বাড়ীর সামনের কাঁচা রাস্তার উপর হইতে তাদের গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে ৮২ গ্রাম হেরোইন উদ্ধার করে যার আনুমানিক মূল্য ৮ লাখ ২০ হাজার টাকা। আরও জানা যায় আটক মহিদুরের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে একাধিক মামলা বিচারাধীন রয়েছে।
মানিকগঞ্জ জেলা ডিবি ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) আবুল কালাম জানান, এ বিষয়ে সিংগাইর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।
