সিংগাইরে স্কুল ছাত্রকে জবাই করে হত্যা : আটক ৩

সিংগাইর প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইরে ধল্লা ইউনিয়নের ফোর্ডনগর মোল্লাপাড়া গ্রামের সোহান (১৬) নামের এক স্কুল ছাত্রকে সোমবার (১৯ জুলাই) দিন-দুপরে নির্জন চকে ছুরি দিয়ে জবাই করে হত্যা করা হয়েছে। খুন হওয়া সোহান ওই গ্রামের প্রবাসী গোলাম আলীর পুত্র।

এ ঘটনার সাথে জড়িত ৩ জনকে রাতেই আটক করেছেন পুলিশ । আটককৃতরা হলেন, সিলেট জেলার মাধবপুর থানার দক্ষিণ দেওগাঁ গ্রামের হারুন অর রশিদের ছেলে আওয়াবিল (২০), বরিশাল জেলার বরিশাল বিমান বন্দর থানার শাষি কাশিপুর গ্রামের নুর মোহাম্মদের ছেলে মো. সাগর(১৯), সাভার এলাকার তেতুলঝোরা হলমার্কের আনছার ক্যাম্প এলাকার সাঈদ মিয়ার ভাড়াটিয়া বাবুল খলিফার ছেলে হুসাইন খলিফা (১৭)।  এরা প্রত্যেকে সিংগাইর ও সাভার থানা এলাকায় বাসা ভাড়া করে দীর্ঘ দিন যাবৎ বসবাস করে আসছে বলে জানা গেছে।

খুন হওয়া সোহানের মা লাইলী বেগম বলেন, তার স্বামী গোলাম আলী বিদেশে থাকেন। সংসারে দু‘ছেলের মধ্যে সোহান বড়। সে স্থানীয় ধল্লা হাইস্কুলের নবম শ্রেণির ছাত্র। করোনাকালীন সময়ে স্কুল বন্ধ থাকায় তাকে ইজিবাইক কিনে দেয়া হয়েছে। ধল্লা নদীর ঘাট থেকে খাসেরচর বাজার পর্যন্ত ওই ইজিবাইক চালিয়ে যাত্রী আনা-নেয়া করে। প্রতিদিনের মত সোমবার (১৯ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে সোহান বাড়ি থেকে ইজিবাইক নিয়ে বের হয়। দুপুর পেরিয়ে গেলেও খাবার খেতে না আসায় মোবাইলে ফোন দেন তার মা। বিকেল ৩টার দিকে ফোনে কথা হলেও খাবার নিয়ে সন্তানের অপেক্ষায় থেকে পুনরায় সাড়ে ৪টার দিকে ফোন দিয়ে ছেলের ফোন বন্ধ পান লাইলী বেগম। পরে খাসেরচর বাজারে খোঁজ নিতে গিয়ে লোকজনের কাছে জানতে পারেন হঠাৎপাড়া-খাসেরচর সড়কের ঢালে মাঝখানের নির্জন চকে সোহানকে হত্যা করে তার ইজিবাইক ছিনিয়ে নেয়া হয়েছে। সেখানে গিয়ে লাইলী বেগম তার ছেলের হত্যার বিষয়টি নিশ্চিত হন। মুহূর্তে ঘটনাটি এলাকায় ছড়িয়ে পরলে ওই স্থানে শ’শ মানুষ ভিড় করেন।

এরই মধ্যে থানা পুলিশ খবর পেয়ে সন্ধ্যার পর নিহতের লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট সম্পন্ন করেন।

সিংগাইর থানার এসআই মো. আব্দুর রহিম বলেন, সোহানকে নৃশংসভাবে হত্যা কাজে ব্যবহৃত রক্তাক্ত ছুরি উদ্ধারসহ অভিযান চালিয়ে সাভারস্থ তেঁতুলঝোড়া এলাকা থেকে জড়িত ৩ জনকে আটক করা হয়েছে। সেই সাথে ছিনতাই হওয়া ইজিবাইকটিও উদ্ধার করা হয়েছে। আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা পুলিশের কাছে হত্যা কাণ্ডের সত্যতা স্বীকার করেছেন বলেও তিনি জানান।

এ ঘটনায় সিনিয়র সহকারি পুলিশ সুপার (সিংগাইর সার্কেল) মোহা. রেজাউল হক , ওসি সফিকুল ইসলাম মোল্লা ও পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কালাম পিপিএম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ ব্যাপারে সিংগাইর থানার ওসি সফিকুল ইসলাম মোল্লা বলেন, আইনুনাগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *