মো.রকিবুল হাসান বিশ্বাস(মানিকগঞ্জ). মানিকগঞ্জের সিংগাইরে প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে টয়লেট থেকে নিচে পানিতে পড়ে রোহিতন বেগম (৪৫) নামের ৩ সন্তানের এক জননীর মৃত্যু হয়েছে বলে জানা গেছে। রোহিতন সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের পূর্ব বাস্তা গ্রামের আহাম্মদ আলীর স্ত্রী। আজ রবিবার(২৩ আগস্ট) ভোর রাতে নিজ বাড়িতে মর্মান্তিকভাবে এমন ঘঁটনাটি ঘটে।
পারিবারিক সূত্রে জানা যায়,স্বামীকে ঘুমে রেখে স্ত্রী রোহিতন রবিবার ভোর রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে বাড়ির পেছনে টিন এবং কাঠ দ্বারা বেষ্টিত সিমেন্টের রিং- স্লাব দিয়ে তৈরি ঝুঁকিপূর্ণ টয়লেটে যায়। দীর্ঘক্ষণ তাকে দেখতে না পেয়ে স্বামী আহাম্মদ আলী টয়লেটে গিয়ে দেখেন দরজা আটকানো। এ সময় ডাকাডাকি করা হলে তার কোন উত্তর না পেয়ে দেখতে পান টয়লেটের উত্তর দিকে বেড়ার নিচের অংশ ভাঙ্গা। এ সময় টয়লেটের পাশে পুকুরের পানিতে তার স্ত্রীর পড়নের কাপড়ের অংশ ভাসমান অবস্থায় দেখতে পেয়ে লোকজনদের ডেকে পানিতে নেমে তার লাশ দেখতে পান ।
