মেসি নৈপুণ্যে জয় পেল আর্জেন্টিনা

ক্রিড়া ডেস্ক : মেসির নৈপুণ্যে এবার জয় পেল আর্জেন্টিনা। কাতার বিশ্বকাপে অংশগ্রহণের লড়াইটা ভালভাবেই শুরু করল তারা। ইকুয়েডরকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপ বাছাইয়ে শুভসূচনা করল লিওনেল মেসির দল।

ইকুয়েডরের বিপক্ষে দলের হয়ে একমাত্র গোলটি করেছেন অধিনায়ক মেসিই। ম্যাচের ১৩ মিনিটের মাথায় পেনাল্টি থেকে গোল করে আর্জেন্টিনাকে জয় এনে দিয়েছেন দলের সবচেয়ে বড় তারকা। আন্তর্জাতিক ফুটবলে এটি তার ৭১তম গোল। আর্জেন্টিনার রাজধানী শহর বুয়েন্স আয়ার্সের স্টেডিয়াম লা বোম্বোনেরায় ইকুয়েডরকে স্বাগত জানিয়েছিল আর্জেন্টিনা। দর্শকশূন্য স্টেডিয়ামে দুই দলের খেলায় সৌন্দর্য্যের চেয়ে যেনো ফাউলের ছড়াছড়িই ছিল বেশি। যা নষ্ট করেছে খেলার স্বাভাবিক ছন্দ।ম্যাচের ৬০ শতাংশ সময় বল নিজেদের দখলে রেখেও খুব বেশি জোরালো আক্রমণ করতে পারেননি মেসি, দিবালারা। নির্ধারিত সময়ে আটবার আক্রমণে উঠলেও লক্ষ্যপানে মাত্র ২টি শট নিতে পেরেছে আর্জেন্টিনা। অন্যদিকে ইকুয়েডর একটি শটও করতে পারেনি লক্ষ্য বরাবর। ১১ মিনিটের সময় নিজেদের ডি-বক্সের মধ্যে আর্জেন্টাইন মিডফিল্ডার লুকাস ওকাম্পোসকে ফাউল করে বসেন ইকুয়েডরের ডিফেন্ডার পার্ভিস এস্তুপিনান। সঙ্গে সঙ্গে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। যা হয়ে থাকে ম্যাচের ফল নির্ধারক। গোলের সহজ সুযোগ কাজে লাগাতে ভুল করেননি আর্জেন্টাইন অধিনায়ক মেসি। মাত্র ১২ গজ দূরের পেনাল্টি স্পট থেকে ডানদিকে জোরালো শট নেন তিনি। সঠিক দিকেই ঝাপিয়েছিলেন ইকুয়েডর গোলরক্ষক অ্যালেক্সান্ডার ডমিঙ্গেজ। তবে মেসির শটের গতির কাছে পরাস্ত হন তিনি।

ম্যাচের দ্বিতীয়ার্ধে ভালো এক সুযোগ পেয়েছিলেন ওকাম্পোস। মেসির বাড়ানো বল ধরে দূরের পোস্ট দিয়ে গোলের চেষ্টা করেছিলেন তিনি। এবার বাধা হয়ে দাঁড়ান ইকুয়েডর গোলরক্ষক। কোনোমতে হাত ছুঁইয়ে বলটি পাঠিয়ে দেন কর্নারে। আরও একবার হতাশায় নিমজ্জিত হয় আর্জেন্টিনা। বাকি সময়ে আর গোল না হওয়ায় মেসির এক গোলেই স্বস্তির জয় পায় আর্জেন্টিনা। লাতিন আমেরিকান অঞ্চলের বাছাইয়ে প্রথম জয়ে টেবিলের দুই নম্বরে অবস্থান করছে আর্জেন্টিনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *