সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ভিপি ফারুক হোসেন মিরুর নৃশংস হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ মার্চ) বিকেল ৪ টায় হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কের বাস্তা বাসস্ট্যান্ড এলাকায় এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
মানববন্ধনের আয়োজন করে উপজেলার ধল্লা ইউনিয়ন ছাত্রলীগ, সভাপতিত্ব করেন ধল্লা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ফেরদৌস খান এবং পরিচালনায় ছিলেন সাধারণ সম্পাদক মো. ইমরান হোসেন ইনু।
মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মমতাজ বেগম এমপি তার বক্তব্যে ক্ষোভ প্রকাশ করেন । এসময় তিনি বলেন, ১৫ দিন পেরিয়ে গেলেও মিরু হত্যার মুল আসামী এখনো পুলিশ গ্রেফতার করতে পারছে না। আপনাদের প্রতি আর আস্থা রাখতে পারছি না। আমি নিজে স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশ, র্যাবসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর উর্ধতন কর্মকর্তাদের সাথে কথার বলার পরও মুল আসামী গ্রেফতার হচ্ছে না। এর দায় কেউ এড়াতে পারে না। আগমাী ২৪ ঘন্টার মধ্যে আসামীদের গ্রেফতারের দাবি জানান পুলিশ প্রশাসনের কাছে।
তিনি আরও বলেন, ভিপি মিরুকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তার শরীরে ৫২টি কোপ দিয়েছে সন্ত্রাসীরা। জনপ্রিয় ছাত্রলীগ নেতা মিরুর হত্যা মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে নিয়ে নৃশংস এ হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার ও আইনের আওতায় এনে ফাঁসির দাবি জানাচ্ছি।
এ সময় আরও বক্তব্য দেন, সিংগাইর পৌরসভার নবনির্বাচিত মেয়র আবু নাঈম মো. বাশার, উপজেলা আ’লীগের যুগ্মসম্পাদক মো. শহিদুর রহমান শহীদ, সায়েদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ওবায়দুল হক, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন আক্তার, জেলা পরিষদের সদস্য মো. কোহিনুর ইসলাম সানি, ধল্লা ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম ভুইয়া, চান্দহর ইউপি চেয়ারম্যান শওকত হোসেন বাদল, ধল্লা ইউনিয়ন আ’লীগের সভাপতি শওকত আনোয়ার, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খান, উপজেলা ছাত্রলীগ সভাপতি শাহিনুর রহমান শাহিন ও নিহত ভিপি ফারুক হোসেন মিরুর বড়ভাই রেজাউল করিম হিরু প্রমূখ।
উল্লেখ্য, গত (০১ মার্চ) দিবাগত রাত ১ টার দিকে ভিপি ফারুক হোসেন মিরু উপজেলা চত্বর সংলগ্ন বিএডিসি গোডাউনের উত্তর পাশের রাস্তায় সন্ত্রাসীদের হামলার শিকার হন। পরের দিন দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকাস্থ পঙ্গু হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এ ঘটনায় ১২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৪-৫ জনকে আসামী করে থানায় মামলা হয়। পুলিশ এজাহার ভূক্ত ৩ জনকে গ্রেফতার করেন।
