সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় স্পেশালাইজড জেরিয়াট্রিক কেয়ার ইন্সটিটিউটের ফিতা কেটে শুভ উদ্বোধন করলেন মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মমতাজ বেগম এমপি। মঙ্গলবার (১৬ মার্চ) সকাল সাড়ে ১১টায় উপজেলার জার্মিত্তা ইউনিয়নের মধুরচর এলাকায় এর উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে পিএসসি (অব:) মেজর জেনারেল মুহম্মদ ফেরদৌস মিয়ার সভাপতিত্বে মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মমতাজ বেগম এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি গানের সুরে বলেন, ও আমি করি না, করিতেও পারি না, পিতা-মাতার খেজমত। পিতা মাতার খেজমত, তাদের খেয়াল রাখা আমাদের কর্তব্য। তারা আমাদের যেমন লালন-পালন করে বড় করেছেন তাদেরও আমাদের লালন-পালন করা নৈতিক দায়িত্ব। তিনি আরও বলেন, সুবার্তা প্রবীণ সেবাকেন্দ্রটির উদ্দেশ্য মহৎ। এবং এর পিছনে যারা শ্রম দিচ্ছেন তিনি তাদের উত্তরোত্তর কামনা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. মুশফিকুর রহমান খান হান্নান, ভাইস চেয়ারম্যান মোসা. শারমিন আক্তার, উপজেলা নির্বাহী আফিসার রুনা লায়লা, কান্ট্রি ফোকাল পয়েন্ট, ইউএনসিডিএফ বাংলাদেশ জেসমুল হাসান।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সিংগাইর থানার অফিসার ইনচার্জ মো. আসলাম হোসেন, উপজেলা আ’লীগের যুগ্ম সম্পাদক মো. শহিদুর রহমান শহিদ, জার্মিত্তা ইউপি চেয়ারম্যান আব্দুল হালিম রাজু, জয়মন্টপ ইউপি চেয়ারম্যান ইঞ্জি. শাহাদৎ হোসেন, স্পেশালাইজড জেরিয়াট্রিক কেয়ার ইন্সটিটিউট ব্যবস্থাপনা পরিচালক সেলিনা আক্তার প্রমুখ।
এসময় এ প্রতিষ্ঠানের সকল কর্মকর্তা-কর্মচারী, উপজেলা আ’লীগের ও বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী, প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে সভার সভাপতি পিএসসি (অব:) মেজর জেনারেল মুহম্মদ ফেরদৌস মিয়া প্রতিষ্ঠানের সেবাসমূহ আলোচনা করে সমাপ্তি ঘোষণা করেন।
