স্টাফ রিপোর্টার: শখের বসে সাইক্লিং করে আজ বিশ্ব জয়ের স্বপ্নে বিভোর দোহারের পদ্মা সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের ছাত্র শাহাদাত। তিন ভাইবোনের দুরন্ত স্বভাবের ছেলে শাহাদাত পরিবারের সদস্যদের মধ্যে ছোট এবং অতি আদরের। ৪২ তম বঙ্গবন্ধু জাতীয় সাইক্লিং প্রতিযোগিতায় ব্রোঞ্জ মেডেল জয় করেছে হিসাববিজ্ঞানের ছাত্র শাহাদাত হোসেন।
এই ব্যাপারে শাহাদাত হোসেনের সাথে সাক্ষাৎকারে জানা যায়, সম্পূর্ণ শখের বসেই সাইকেল চালানো শেখে শাহাদাত। শাহাদাত জানায়, “শুরুটা হয় ২০১১ সালের দিকে, প্রথম দিকে সাইকেল চালিয়ে আশেপাশের বিভিন্ন জায়গায় যাওয়াই মূল উদ্দেশ্য বলে জানতাম। তখনও সাইক্লিং বলতে কিছু আছে সেটা জানা ছিলনা। একদিন কৌতূহলের বশে শহর থেকে গ্রামে প্রায় ৩৫ কিলোমিটার সাইক্লিং করি। এরপর কিছুটা সাহস সঞ্চার করে কুমিল্লার উদ্দেশ্যে ৮৪ কিলোমিটার সাইকেল চালানো শুরু করি, প্রায় সাড়ে চার ঘন্টা সাইকেল চালিয়ে কুমিল্লায় গন্তব্য স্থলে পৌছে যাই। এরপর আর পিছু ফিরে তাকাতে হয়নি। দূরের পথ পাড়ি দেয়ার সাহস সঞ্চারের পাশাপাশি সাইক্লিং সম্পর্কে জানতে শুরু করি।
২০১৮ সালের দিকে সাইক্লিংয়ের খুটিনাটি জানার চেষ্টা করলাম এবং জাতীয় ও আন্তর্জাতিক প্রেক্ষাপট স্টাডি করলাম। ইতোমধ্যে সাইক্লিস্ট বন্ধু তৈরি ও তাদেরকে সাথে নিয়ে কুমিল্লা, ফেনী, চট্টগ্রাম,কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়িসহ মোট ৪৩ টি জেলায় সাইক্লিং সম্পন্ন করি। ২০১৯ সালের দিকে ২৪ ঘন্টায় ৪০০ কিলোমিটার সাইক্লিং করে অতিক্রম করি।

এরপর যুক্ত হই টিম বিডিসি’র সাথে, যেখানে প্রতি শুক্রবার ট্রেনিং করানো হয়। তারপর ২০২০ সালে মাত্র ৪ দিনে টেকনাফ থেকে তেতুলিয়া সারা বাংলাদেশের উপর দিয়ে ১০০০ কিলোমিটার পাড়ি দেই, সেই টাইমিং রেকর্ড এখনও কেউ করেনি। ২০২১ সালে এম.টি.ভি মাউন্টেন রেস প্রতিযোগিতায় তৃতীয় স্থান অধিকার করি। তারপর আমার রেস করার আগ্রহ টা বেড়ে যায়। টিম বিডিসি’র আইটিটির রেস প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করি। একই বছর বাংলাদেশ সাইকেলিং ফেডারেশন আয়োজিত ৪১ তম সাইক্লিং প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রথমবারের মত জাতীয় পর্যায়ে ব্রোঞ্জ মেডেল অর্জন করি।
২০২৩ সালের ৪২ তম বঙ্গবন্ধু জাতীয় সাইক্লিং প্রতিযোগিতায় দ্বিতীয় বারের মতো ব্রোঞ্জ মেডেল অর্জন করি।” সাইক্লিং নিয়ে অনার্সে ২য় বিভাগ পেয়ে উত্তীর্ণ শাহাদাতের স্বপ্ন কি জানতে চাইলে, তিনি জানান, সরকারি সহায়তা পেলে সামনে আন্তর্জাতিক সাইক্লিং প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বাংলাদেশের হয়ে পুরস্কার ছিনিয়ে আনবেন বলে প্রত্যাশা তার।
এই ব্যাপারে পদ্মা সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ জালাল হোসেন এবং হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান এমারত হোসেন শাহাদাতের এই সাফল্যে শুভেচ্ছা জানান এবং ভবিষ্যতে তার উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
