মো.রকিবুল হাসান বিশ্বাস,সিংগাইর(মানিকগঞ্জ)থেকে: হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কে জয়মন্টপ হতে সিংগাইর গামী পাঁকা রাস্তায় আজিমপুর এলাকায় চলমান সিএনজি যাত্রী এক মহিলার হ্যান্ডব্যাগ ছিনতাইয়ের ঘটনায় ২ জনকে আটক করেছেন ট্রাফিক পুলিশ। বৃহস্পতিবার(১৩ এপ্রিল) দুপুর ২ টার দিকে এ ঘটনা ঘটে।
আটককৃতরা হলেন,উপজেলার বাস্তা (গোলাইডাঙ্গা) গ্রামের আব্দুল কাদেরের ছেলে উজ্জ্বল ইসলাম (১৯) ও চর মগরা গ্রামের নিজামের ছেলে নাজমুল (১৯)।
সূত্রে জানা যায়, হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কে সিংগাইর পৌরসভা আজিমপুর এলাকায় ৩ জন ছিনতাই কারী নাজমুল, উজ্জ্বল ইসলাম ও বাস্তা ( গোলাইডাঙ্গা) গ্রামের ইদ্রিস আলীর ছেলে জাহিদ মোটরসাইকেল যোগে ওৎ পেতে থাকে। দুপুর ২ টার দিকে উক্তস্থানে চলন্ত সিনএনজি পৌছালে সুযোগ বুঝে এক মহিলা যাত্রীর হ্যান্ডব্যাগ ছিনতাই করে। এসময় সিএনজির মহিলা যাত্রী ঐ তিনজন ছিনতাইকারীকে সিএনজি নিয়ে পিছু ধাওয়া করতে থাকে ।
একপর্যায়ে আজিমপুর এলাকায় ট্রাফিক ডিউটিতে নিয়োজিত ট্রাফিক ইন্সপেক্টর আব্দুল্লাহ আল জোবায়েদ ও সঙ্গীয় ফোর্স সার্জেন্ট শিবলু মিয়া, কনস্টেবল ইমরান হোসেন এর উপস্থিতি টের পেয়ে ঐ ৩ জন ছিনতাইকারী মোটরসাইকেল ঘুরিয়ে সাবেক পৌর মেয়রের বাড়ির গলির রাস্তা দিয়ে রওনা করলে ট্রাফিক পুলিশ সদস্য তাদের পিছু ধাওয়া করে ।
আজিমপুর হ্যাচারীর মোড়ে টিআই আব্দুল্লাহ আল জোবায়েদের মোটর সাইকেলের সাথে ছিনতাইকারীদের মোটরসাইকেলের ধাক্কা লাগলে ছিনতাইকারী ৩জন ঐ স্থানে পড়ে যায়। এসময় স্থানীয় জনগণের সহায়তায় পুলিশ ছিনতাইকারী উজ্জ্বল ইসলাম ও নাজমুলদ্বয়কে আটক করে এবং ছিনতাইকারী জাহিদ দৌড়ে পালিয়ে যায়। পরে ছিনতাই হওয়া মহিলার হ্যান্ড ব্যাগ ও ছিনতাই কাজে ব্যবহৃত রেজিস্ট্রেশন বিহীন হাঙ্ক ১৫০ সিসি ব্লু ব্ল্যাক কালারের একটি মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ। ছিনতাই কারী উজ্জ্বল দৌড়ে পালানোর সময় মাথায় আঘাত প্রাপ্ত হয়ে আহত হন। ট্রাফিক পুলিশ উদ্ধার করে তাকে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। এছাড়াও টিআই আব্দুল্লাহ আল জোবায়েদ হাটুতে ও হাতে আঘাত পেয়ে আহত হন।
এ ব্যাপারে সিংগাইর থানার ওসি সৈয়দ মিজানুর ইসলাম ঘটনা নিশ্চিত করে বলেন, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন ।
